রাজউক প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
- আপলোড সময় : ৩০-১০-২০২৫ ১১:০০:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-১০-২০২৫ ১১:১৭:১৮ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৯ বার পঠিত
ছবি সংগৃহীত
রাজউকের প্লট বরাদ্দ জালিয়াতি সংক্রান্ত তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে এই সাক্ষ্যগ্রহণ পরিচালিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
এই মামলাগুলোতে সাক্ষীরা আদালতকে জানিয়েছেন, শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট বরাদ্দের আবেদন করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মবহির্ভূতভাবে বরাদ্দের নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়া আসামিদের পক্ষ থেকে দাখিল করা কয়েকটি হলফনামা মিথ্যা ছিল বলেও সাক্ষীরা নিশ্চিত করেছেন।
সাক্ষ্যগ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতে বলেন, প্লট বরাদ্দে প্রভাব খাটানোর জন্য শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেছিলেন।
মামলাগুলোর একটিতে শেখ হাসিনাসহ ১২ জন, অন্যটিতে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং তৃতীয়টিতে শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই দিনে বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম বাকি তিন মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন।
দুদক গত জানুয়ারিতে রাজউকের পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পৃথক ছয়টি মামলা দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা ও তার পরিবার যোগ্যতা না থাকা সত্ত্বেও ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নিয়েছিলেন। এসব মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ পরিবারের অন্যান্য সদস্যরাও আসামি হিসেবে অন্তর্ভুক্ত আছেন।
বর্তমানে বেশ কয়েকজন আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।