সম্মিলিত প্রচেষ্টায়ই সবুজ ও টেকসই বাংলাদেশ সম্ভব : পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান
নিউজটি শুনুন
- আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ১২:২৬:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ১২:২৬:২৮ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫০ বার পঠিত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সমাজ ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করলেই একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি মনে করেন, পরিবেশ রক্ষার লড়াই কেবল নীতিগত অবস্থান বা কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ববোধ হিসেবেও এটিকে দেখতে হবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১
শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ব্র্যাক ব্যাংক ও তরুপল্লব আয়োজিত ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক–২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ সবসময় প্রকৃতি ও পরিবেশ রক্ষায় মুখ্য ভূমিকা রেখেছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদাহরণ হিসেবে তিনি শালবন পুনরুদ্ধার, হাতির করিডোর সংরক্ষণ এবং ‘জিরো সয়েল’ কর্মসূচির মতো সরকারি পদক্ষেপের কথা বলেন। পাশাপাশি তিনি জানান, ঢাকা এখন আগের তুলনায় অনেক বেশি সবুজ, ছাদবাগানের বিস্তার তারই প্রমাণ। মানুষের সঙ্গে প্রকৃতির এই বন্ধন অটুট থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান এবং তরুপল্লবের সহ-সভাপতি শাহজাহান মৃধা বেনু। সভাপতিত্ব করেন তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন।
এবারের অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪’ প্রদান করা হয় চারজনকে। এর মধ্যে ঝিনাইদহের মো. আমিনুল ইসলাম, মিরসরাইয়ের প্রকল্প ‘সোনাপাহাড়’ এবং রাঙামাটির সবুজ চাকমা বৃক্ষসখা সম্মাননায় ভূষিত হন। আর জীববৈচিত্র্য পুরস্কার পান বাংলা একাডেমির জীবন সদস্য মিজানুর রহমান ভূইয়া।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।