ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

টাঙ্গাইলে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, সংকটে প্রাকৃতিক জলাশয় ও জেলেরা

জলবায়ু পরিবর্তন, জলাশয় ভরাট ও নিষিদ্ধ জালের ব্যবহারে কমছে দেশি মাছের প্রজনন ও উৎপাদন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৪:১১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৪:১১:২১ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১১ বার পঠিত
টাঙ্গাইলে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, সংকটে প্রাকৃতিক জলাশয় ও জেলেরা ছবি সংগৃহিত

একসময় নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে দেশীয় মাছের প্রাচুর্য থাকলেও এখন টাঙ্গাইলে দেখা দিয়েছে মাছের আকাল। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ, জলাশয় ভরাট এবং নিষিদ্ধ জালের ব্যবহারে কমছে দেশীয় মাছের উৎপাদন ও প্রজনন। এতে সংকটে পড়েছে জেলার প্রাকৃতিক মৎস্যসম্পদ, পাশাপাশি জীবিকা হারানোর ঝুঁকিতে রয়েছেন হাজারো জেলে।

স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় কার্তিক মাসে নদী-নালা, খাল-বিল ও নিচু জমির পানি কমে গেলে কাদা-পানিতে নেমে মাছ ধরার উৎসব চলত। দল বেঁধে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ মাছ ধরতে যেতেন। তবে সময়ের পরিবর্তনে গ্রামবাংলার সেই চিরচেনা দৃশ্য এখন অনেকটাই হারিয়ে গেছে।

সম্প্রতি কালিহাতী উপজেলার রৌহা গ্রামের শুকনি বিলের এক অংশের পানি সেচে মাছ ধরতে দেখা যায় চার কিশোরকে। তারা জানায়, সকাল ৯টায় পানি সেচ শুরু করে দুপুর ১২টার দিকে শেষ করে। এরপর কাদা থেকে পুঁটি, চাটা, টাকি, শিং ও বাইমসহ প্রায় ১০ কেজি মাছ পায় তারা। একইভাবে ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নের চাপড়া বিলেও কয়েক কিশোরকে দেশীয় মাছ ধরতে দেখা গেছে।

টাঙ্গাইল জেলা মৎস্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় ৪১ হাজার ৪৯৫টি পুকুর রয়েছে। এ ছাড়া মুক্ত জলাশয় হিসেবে রয়েছে ২৯৮টি বিল, ১২৮টি খাল, তিনটি বাওড় ও চারটি পেন কালচার। তবে আবাসিক এলাকা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ণ, শিল্পায়ন ও কৃষিজমি সম্প্রসারণের কারণে এসব প্রাকৃতিক জলাশয়ের অনেকগুলো ভরাট হয়ে যাচ্ছে। এতে মাছের স্বাভাবিক আবাসস্থল ও প্রজননক্ষেত্র নষ্ট হচ্ছে।

তাপমাত্রা বৃদ্ধি, অনাবৃষ্টি, অসময়ে বন্যা ও খরার কারণে জলাশয় দ্রুত শুকিয়ে যাচ্ছে। অন্যদিকে, চাষাবাদের সুবিধার্থে অনেক বিল ও খাল সেচে পানি নিষ্কাশন করা হচ্ছে। পাশাপাশি কারেন্ট জাল, বেহুন্দি জাল ও মশারি জালের মতো ক্ষতিকর উপকরণ দিয়ে ডিমওয়ালা মাছ ও রেণু পোনা নির্বিচারে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় প্রবীণ জেলেদের ভাষ্য, একসময় টাঙ্গাইলের নদী-নালা ও খাল-বিলে শতাধিক প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত। বর্তমানে চিতল, বাঘাইড়, পাবদা, শিং, মাগুর, দেশি কৈ, খলিশা, গজার, ফলিসহ বিভিন্ন প্রজাতির মাছ সংকটের মুখে পড়েছে। বাজারে প্রাকৃতিক জলাশয়ের মাছ পাওয়া গেলেও দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে থাকছে। ফলে চাষের পাঙ্গাস, তেলাপিয়া ও রুই-কাতলার ওপর নির্ভরতা বাড়ছে।

জেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, টাঙ্গাইলে বর্তমানে নিবন্ধিত মৎস্যজীবীর সংখ্যা ৩০ হাজার ৫০০। এ ছাড়া প্রায় ২০ হাজার মানুষ পরোক্ষভাবে মুক্ত জলাশয়ের মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। কালিহাতীর চারান বিল এলাকার জেলেরা জানান, বংশপরম্পরায় মাছ ধরে সংসার চালালেও এখন সারা দিন জাল ফেলেও কয়েক কেজি মাছ পাওয়া কঠিন। ফলে অনেকেই পেশা পরিবর্তন করে রিকশা চালানো ও দিনমজুরির মতো কাজে যুক্ত হচ্ছেন।

টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর বলেন, দেশীয় মাছের বিলুপ্তি রোধে মৎস্য বিভাগ কাজ করছে। উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য জেলায় ইতোমধ্যে ১৩টি মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। তবে মাছের প্রাকৃতিক আবাসস্থল রক্ষায় অভয়াশ্রমের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। পাশাপাশি ভরাট হয়ে যাওয়া খাল-বিল সংস্কার, জলাশয়ের গভীরতা বৃদ্ধি এবং দখল-দূষণ প্রতিরোধ জরুরি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।