কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়
- আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১২:৫১:৫২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১২:৫১:৫২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪২ বার পঠিত
সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা কে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রথমে সংক্ষিপ্ত রায় পাঠ করেন বিচারপতি নজরুল ইসলাম। পরে আসামিদের দণ্ড ঘোষণা করা হয়।
মামলার চার আসামিই বর্তমানে পলাতক। তাদের পক্ষে ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন আমির হোসেন। রায় ঘোষণার সময় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ রাষ্ট্রপক্ষের একাধিক প্রসিকিউটর উপস্থিত ছিলেন।
গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন এবং পাল্টা যুক্তি খণ্ডন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে ২৭ অক্টোবর রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়।
প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছিল। প্রথম অভিযোগে জুলাই গণঅভ্যুত্থান দমনে মাহবুবউল আলম হানিফের উসকানি, প্ররোচনা ও সহায়তার বিষয়টি তুলে ধরা হয়। দ্বিতীয় অভিযোগে কুষ্টিয়ায় আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেওয়ার কথা বলা হয়। তৃতীয় অভিযোগে ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যার ঘটনায় চার নেতার সংশ্লিষ্টতার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।