আইজিপির বক্তব্য প্রত্যাহারে ডিআরইউর ২৪ ঘণ্টার আলটিমেটাম
সাংবাদিকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ঢাকা রিপোর্টার্স ইউনিটির; অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি।
- আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১১:৪৮:১৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১১:৪৮:১৮ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৬ বার পঠিত
ছবি সংগৃহীত
সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে আলটিমেটাম দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
সোমবার (২৬ অক্টোবর) ডিআরইউর দপ্তর সম্পাদক রাশিম মোল্লা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
এর আগে সোমবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়।’
আইজিপির এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব ও সততা নিয়ে এ ধরনের ঢালাও মন্তব্য স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি।
তাঁরা বলেন, মাদক কারবার, অপরাধ, অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। আইজিপির মতো দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বক্তব্য দেওয়া অগ্রহণযোগ্য।
বিবৃতিতে ডিআরইউ নেতারা আরও বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে সংবাদ প্রকাশ নিয়ে অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। ঢালাও নেতিবাচক মন্তব্য সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থাও ক্ষতিগ্রস্ত করতে পারে।
ডিআরইউ নেতারা অবিলম্বে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।