ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড়
আগামী সংসদ অধিবেশনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাসের পরিকল্পনা
- আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৯:৩১:২৪ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৯:৩১:২৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২১ বার পঠিত
সংগৃহীত ছবি
বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল স্থাপন করলে কর ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন উৎসাহিত করতে আগামী জাতীয় সংসদের অধিবেশনেই এ-সংক্রান্ত আইন পাস করা হবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ বলেন, জ্বালানি আমদানি করতে গিয়ে সরকারের বাজেট বরাদ্দ প্রায় শেষের পথে। এ পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করলে কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে। এ উদ্যোগের ফলে সাধারণ মানুষ সৌরবিদ্যুৎ উৎপাদনে আগ্রহী হবেন বলে আশা করছে সরকার।
জ্বালানিমন্ত্রী বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসার ঘটলে দেশের তরুণদের জন্য নতুন ব্যবসার সুযোগ তৈরি হবে। সোলার প্যানেল স্থাপন ও এ-সংক্রান্ত সেবাকে কেন্দ্র করে কর্মসংস্থানও বাড়বে।
এলএনজি আমদানি ও টার্মিনাল স্থাপনের বিষয়ে তিনি বলেন, এলএনজি টার্মিনাল স্থাপন চ্যালেঞ্জিং হলেও জনগণের জ্বালানি চাহিদা বিবেচনায় সরকারকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।
জ্বালানি আমদানির ব্যয় ও সরবরাহের ওপর নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়টি সরকারের নীতিগত অগ্রাধিকারে রয়েছে। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগকে সেই পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।