রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
দুপুর ১২টায় দ্বিতীয় দফা পারমাণবিক বিক্রিয়া শেষে শুরু হলো নিয়ন্ত্রিত উৎপাদন
- আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৯:৪৪:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৯:৪৪:০৯ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৫ বার পঠিত
সংগৃহীত ছবি
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় দ্বিতীয় দফা পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়ন্ত্রিত শক্তি উৎপাদন কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী জানান, দ্বিতীয় দফা পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধীরে ধীরে পরীক্ষামূলকভাবে নিয়ন্ত্রিত শক্তি উৎপাদন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। অনুমোদনের মধ্য দিয়ে কেন্দ্রটির প্রথম ইউনিট কমিশনিংয়ের পরবর্তী ধাপে প্রবেশের সুযোগ পায়।
এই পর্যায়ে পারমাণবিক চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া তৈরি করা হয়। এর মাধ্যমে ধীরে ধীরে নিয়ন্ত্রিতভাবে শক্তি উৎপাদনের সক্ষমতা যাচাই করা হয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের কাজ প্রায় শেষ হওয়ার পর ‘বি-২’ পর্যায়ের প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হয়। এরপর বায়েরা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয়। এখন পরবর্তী ধাপে চুল্লির ক্ষমতা ধীরে ধীরে বাড়িয়ে বিভিন্ন যন্ত্রপাতি ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।
প্রথম ইউনিটের উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে আরও কয়েকটি কারিগরি পরীক্ষা ও কমিশনিং কার্যক্রম সম্পন্ন করতে হবে। চুল্লির ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে পৌঁছানোর পর বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া এগোবে।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম। বৃহস্পতিবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।