সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার, কেজিতে দাম নির্ধারণ
৩৫ টাকা কেজি দরে ধান, সিদ্ধ চাল ৪৯ ও আতপ চাল ৪৮ টাকা; ১৪ নভেম্বর শুরু হচ্ছে ধান সংগ্রহ
- আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০২:৪০:০৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০২:৪০:০৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৮ বার পঠিত
ছবি: সংগৃহীত
২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার। এর মধ্যে ৩ লাখ টন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল রয়েছে। ধান প্রতি কেজি ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
খাদ্যমন্ত্রী জানান, নির্বাচনি ইশতেহার ২০২৬-এর প্রতিশ্রুতি অনুযায়ী কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলা এবং বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাকে এবারের সংগ্রহ অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সিদ্ধান্ত অনুযায়ী আমন ধান সংগ্রহ কার্যক্রম আগামী ১৪ নভেম্বর শুরু হয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে আমন চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
সংবাদ সম্মেলনে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।