লক্ষ্মীপুরে বেপরোয়া গতির বাস উল্টে নিহত ৩, আহত ১৫
চালকের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ যাত্রীদের; আহতদের কয়েকজনকে ঢাকায় ও নোয়াখালীতে পাঠানো হয়েছে।
- আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৪:০০:১৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৪:০০:১৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮ বার পঠিত
ছবি সংগৃহিত
লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা মানছুরা বেগম ও বাবুল হোসেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত যাত্রী আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার নিষেধ করলেও চালক গতি কমাননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় বাসটি উল্টে যায়।
এ দুর্ঘটনায় আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমও আহত হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, দুর্ঘটনায় নিহত তিনজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। আহত অন্তত ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর জানান, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। পরে হতাহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।