জামালপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
মেলান্দহে অটোরিকশা ও মোটরসাইকেলে ট্রাকের আঘাত, আহত তিনজন; চালক গ্রেপ্তার
- আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০২:৪৬:০৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০২:৪৬:০৪ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৭ বার পঠিত
ছবি: সংগৃহীত
জামালপুরের মেলান্দহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী একই পরিবারের তিন সদস্য ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার পর ট্রাকটি পালানোর চেষ্টা করলেও স্থানীয়দের সহায়তায় সেটি আটক করা হয়। পরে চালককেও গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩), আট মাস বয়সী মেয়ে রিফা এবং মোটরসাইকেল আরোহী লিখন আকন্দ।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে জামালপুর হয়ে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকের ধাক্কায় অটোরিকশাটিও দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। তাঁর স্ত্রী ও শিশুকন্যাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত অপর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মেলান্দহের মালঞ্চ এলাকায় সেটিকে আটক করেন। প্রথমে চালক পালিয়ে গেলেও পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। স্থানীয়রা ট্রাকটি আটক করেছেন এবং চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় তিনি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন।
মেলান্দহ-মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকসহ চালক শান্ত মিয়াকে (২০) আটক করে থানায় নেওয়া হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।