ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

অবিবাহিতদের জন্য বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ, আবেদন শেষ ১০ নভেম্বর

নতুন দেশ ঘুরে দেখার পাশাপাশি বিমানভাড়া, হোটেলে থাকা, খাবার ও ভ্রমণের নির্ধারিত সব খরচ বহনের সুযোগ দিচ্ছে ইউরোপের দেশ ফিনল্যান্ড।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ১১:২০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ১১:২০:১৮ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
অবিবাহিতদের জন্য বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ, আবেদন শেষ ১০ নভেম্বর ছবি সংগৃহীত

নতুন দেশ ঘুরে দেখার পাশাপাশি বিমানভাড়া, হোটেলে থাকা, খাবার ও ভ্রমণের নির্ধারিত সব খরচ বহনের সুযোগ দিচ্ছে ইউরোপের দেশ ফিনল্যান্ড। দেশটির জাতীয় পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’ বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিত ব্যক্তিকে চার দিনের জন্য বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে।

২০২৭ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত ব্যক্তিরা ফিনল্যান্ডে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি অংশ নেবেন বিশেষ নৈশভোজ ও সাংস্কৃতিক আয়োজনে। ভ্রমণের আসা-যাওয়ার বিমান টিকিট, ব্যক্তিগত কক্ষসহ হোটেলে থাকা, খাবার এবং নির্ধারিত কার্যক্রমের খরচ বহন করবে আয়োজকেরা।


কেন এই আয়োজন?

‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ফিনল্যান্ডের খাবার ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যটকদের কাছে তুলে ধরা। টানা নয় বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পাওয়া ফিনল্যান্ডের খাবার এখনো আন্তর্জাতিক অঙ্গনে খুব বেশি পরিচিত নয়।

গত ২০ অক্টোবর এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ জানান, এবার ভ্রমণকারীদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতার আয়োজন করা হয়েছে।


আয়োজনের পেছনের গল্প

ফিনল্যান্ডে ‘সিঙ্কুকোরি’ নামে একটি জনপ্রিয় ডেটিং প্রবণতা রয়েছে। এর অর্থ ‘সিঙ্গেল ঝুড়ি’। দেশটির কিছু সুপারমার্কেটে অবিবাহিত ব্যক্তিরা নিজেদের পরিচয় জানান দিতে গোলাপি রঙের শপিং বাস্কেট ব্যবহার করেন। এর মাধ্যমে তাঁরা বোঝান, তাঁরা সঙ্গী খুঁজছেন এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে আগ্রহী।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রবণতা আলোচনায় আসার পর সেটিকে সুপারমার্কেটের বাইরেও ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে ফিনল্যান্ডের জাতীয় পর্যটন সংস্থা।


কী কী সুযোগ থাকছে?

২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে চার দিনের এই ভ্রমণ আয়োজন অনুষ্ঠিত হবে। নির্বাচিত ১৬ জনের মধ্যে আটজন যাবেন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে এবং বাকি আটজন যাবেন লেকল্যান্ড অঞ্চলের শহর তাম্পেরেতে।

আয়োজনের অন্যতম আকর্ষণ বিশেষ নৈশভোজ। প্রতিটি শহরে আটজন আন্তর্জাতিক অতিথির সঙ্গে যোগ দেবেন স্থানীয় দুজন অবিবাহিত ফিনিশ নাগরিক। তাঁদের জন্য দেশটির খ্যাতনামা শেফদের তৈরি বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে।

হেলসিংকির নৈশভোজের মেনু তৈরি করবেন ক্যাফে সাভোয়ার প্রধান শেফ অ্যাডেলে কিন্নুনেন। অন্যদিকে তাম্পেরের খাবারের মেনু তৈরি করবেন রেস্তোরাঁ ‘গোস্তা’র কর্ণধার হেনরি তিক্কানেন।


থাকছে কি ব্লাইন্ড ডেটের সুযোগ?

আয়োজনটির নাম ‘ডিনার ডেট’ হলেও এখানে কোনো ম্যাচমেকিং বা জুটি তৈরি করে দেওয়ার ব্যবস্থা নেই। নৈশভোজগুলো মূলত দলগত অভিজ্ঞতা হিসেবে সাজানো হয়েছে, একান্ত ডেট হিসেবে নয়।

অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দমতো শহর নির্বাচন করতে পারবেন না। আয়োজকেরা তাঁদের হেলসিংকি অথবা তাম্পেরেতে পাঠাবেন। ভ্রমণে যাওয়ার নিশ্চয়তা পাওয়ার পরই জানা যাবে কে কোন শহরে যাচ্ছেন। তাই এই আয়োজন থেকে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার কোনো নিশ্চয়তা নেই।


কারা আবেদন করতে পারবেন?

বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে ফিনল্যান্ডের নাগরিক এবং দেশটিতে বসবাসকারীরা এই সুযোগের আওতাভুক্ত নন।

আবেদন করতে হলে প্রথমে ইংরেজিতে একটি ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে একটি প্রশ্নের উত্তর দিতে হবে—‘ডিনার ডেটে আপনি কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’

ভিডিওটি ইনস্টাগ্রাম, টিকটক অথবা ইউটিউবে প্রকাশ করতে হবে। সঙ্গে ব্যবহার করতে হবে #FinnishDinnerDate হ্যাশট্যাগ এবং ভিজিট ফিনল্যান্ডের সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ট্যাগ করতে হবে।


ইনস্টাগ্রাম ও টিকটকে ভিডিওটি পাবলিক রাখতে হবে। তবে ইউটিউবে ভিডিও ‘আনলিস্টেড’ হিসেবে আপলোড করা যাবে। সে ক্ষেত্রে লিংক থাকা ব্যক্তিরাই ভিডিওটি দেখতে পারবেন।

ভিডিও প্রকাশের পর ভিজিট ফিনল্যান্ডের অফিশিয়াল আবেদন ফরম পূরণ করতে হবে এবং সেখানে ভিডিওর লিংক যুক্ত করতে হবে।


আবেদনকারীদের ভিডিও মূল্যায়ন করবে একটি বিচারক প্যানেল। ভিডিওর সৃজনশীলতা, নিজস্বতা এবং প্রশ্নের উত্তরে ব্যক্তিগত অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরার ধরন বিবেচনায় নেওয়া হবে। বিভিন্ন দেশ, বয়স ও সামাজিক পটভূমির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চান আয়োজকেরা। তাই আবেদনকারীদের নিজেদের ধারণ করা ভিডিও ও নিজস্ব অডিও ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।


আবেদনের শেষ সময়

আবেদনের শেষ সময় ১০ নভেম্বর ২০২৬, ফিনল্যান্ডের স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট। বাংলাদেশ সময় অনুযায়ী, একই দিন রাত ৩টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

নির্বাচিত ১৬ জনের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হবে। পাশাপাশি ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।


নির্বাচিত ব্যক্তিদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ শর্ত। বিজয়ী ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সাড়া না দিলে আয়োজকেরা তাঁর পরিবর্তে অন্য কাউকে নির্বাচিত করতে পারবেন।

বিস্তারিত নিয়মাবলি ও আবেদনপ্রক্রিয়া জানতে ভিজিট ফিনল্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট visitfinland.com ঘুরে দেখা যেতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।