উত্তর কোরিয়া ইতোমধ্যে নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা আইনে অন্তর্ভুক্ত করেছে। দেশটির নেতৃত্বও একাধিকবার জানিয়েছে, তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার স্থায়ী ও অপরিবর্তনীয়।
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা আর না বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ গড়ে তোলার প্রত্যাশার কথা বলেন তিনি।
এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই বলেন, সব সময়ের জন্য পারমাণবিক অস্ত্র ধরে রাখার বিষয়ে পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় অবস্থান অত্যন্ত দৃঢ়। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার মর্যাদা কোনো পরিস্থিতিতেই পরিবর্তন হবে না বলেও জানান তিনি।
চো সন হুই আরও বলেন, সংঘাত ও সংলাপ পাশাপাশি চলতে পারে—এমন ধারণা অন্যদের ক্ষেত্রে কার্যকর হলেও উত্তর কোরিয়ার ক্ষেত্রে তা গ্রহণযোগ্য নয়। শত্রুভাবাপন্ন শক্তিগুলো যে অবস্থানই নিক না কেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান দীর্ঘস্থায়ী থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সংলাপের উদ্যোগ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ পুনরায় শুরুর উদ্যোগ নিয়ে আসছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আলোচনা আবার শুরু করার ভিত্তি তৈরি করবে সিউল।