আঞ্চলিক সংকটে চাপে ভারতের কূটনীতি, একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক
আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রে রাশিয়া, পোল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
- আপলোড সময় : ০২-১১-২০২৬ ১১:৪৩:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-১১-২০২৬ ১১:৪৩:৪৪ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২২ বার পঠিত
ছবি সংগৃহীত
আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রে রাশিয়া, পোল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসব বৈঠকে ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন বহুপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের সামনে বর্তমানে একাধিক কূটনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত চ্যালেঞ্জ রয়েছে। এমন পরিস্থিতিতেই বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে জয়শঙ্করের বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে।
আটলান্টায় প্যাটেলের আবক্ষ মূর্তি উন্মোচন
যুক্তরাষ্ট্রের আটলান্টায় ভারতের কনস্যুলেট জেনারেল সরদার বল্লভভাই প্যাটেলের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন জয়শঙ্কর। প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।
এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রোববার সরকারি সফরে ভিয়েতনামে পৌঁছেছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।
অন্যদিকে চীনে অবস্থিত ভারতের সাংহাই কনস্যুলেট তাদের আওতাধীন এলাকায় বসবাসরত ভারতীয়দের কনস্যুলার সমস্যার দ্রুত সমাধানে মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে।
সৌদি আরবের সঙ্গে বিমান চলাচলে বিঘ্ন
নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত ও সৌদি আরবের মধ্যে বিমান চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে। রোববার আকাসা এয়ার জেদ্দাগামী ও জেদ্দা থেকে আসা ফ্লাইট স্থগিত রাখার মেয়াদ ১৮ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। পাশাপাশি রিয়াদগামী ও রিয়াদ থেকে আসা ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছে সংস্থাটি।
নেপালে আটকা ভারতীয় পর্যটক, শ্রীলঙ্কায় আটক জেলে
ভারতের জন্য আরেকটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে নেপালে পর্যটক আটকে পড়ার ঘটনা। ভারী তুষারপাতের কারণে দেশটির শে-ফোকসুন্ডো জাতীয় উদ্যান এলাকায় ছয় ভারতীয় পর্যটক আটকা পড়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী রয়েছেন। শনিবার বিকেল থেকে তাঁরা সেখানে আটকে আছেন। রোববার পিটিআইকে কর্মকর্তারা জানান, পর্যটকদের উদ্ধারে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এবং অভিযান চলছে।
এদিকে শ্রীলঙ্কার জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে সাত ভারতীয় জেলেকে আটক করেছে দেশটির নৌবাহিনী। এ সময় তাঁদের মাছ ধরার ট্রলারটিও জব্দ করা হয়।
পাকিস্তানের সতর্কবার্তা আফগানিস্তানকে
সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসী হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে বলে আফগানিস্তানকে সতর্ক করেছে ইসলামাবাদ।
পাকিস্তান বলেছে, সন্ত্রাসবাদ তাদের জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা। তালেবান সরকারের নিষ্ক্রিয়তার কারণে দেশটির জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে রাখা যাবে না বলেও সতর্ক করেছে ইসলামাবাদ।
বাংলাদেশেও শ্রমিক বিক্ষোভ
এদিকে বাংলাদেশেও পোশাকশ্রমিকদের বিক্ষোভের খবর উঠে এসেছে আন্তর্জাতিক প্রতিবেদনে। দীর্ঘদিনের বেতন বৃদ্ধির দাবিতে রোববার গাজীপুর ও ঢাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে পরে সরকার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেয়।
তথ্যসূত্র: পিটিআই ও ইন্ডিয়া টুডে
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।