বিক্রি বাড়ায় আরএকে সিরামিকসের লোকসান কমেছে ১৬ কোটি টাকা
চলতি বছরের প্রথম ৯ মাসে আরএকে সিরামিকসের বিক্রি বেড়েছে ৮ শতাংশের বেশি। এতে আগের বছরের তুলনায় কোম্পানিটির লোকসান উল্লেখযোগ্যভাবে কমেছে।
- আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৩:৪৯:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৩:৪৯:৩৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৭ বার পঠিত
ছবি: সংগৃহীত
বিক্রি বৃদ্ধির ফলে চলতি বছরের প্রথম ৯ মাসে আরএকে সিরামিকসের লোকসান উল্লেখযোগ্যভাবে কমেছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির লোকসান দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল প্রায় ১৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান কমেছে প্রায় ১৬ কোটি টাকা। কোম্পানির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত মঙ্গলবার আরএকে সিরামিকসের পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের প্রথম তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে বুধবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে আর্থিক সূচকসংক্রান্ত তথ্য প্রকাশ করে কোম্পানিটি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৫৬০ কোটি টাকা। গত বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ৫১৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বিক্রি বেড়েছে ৪৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৮ শতাংশের বেশি।
বিক্রি বাড়লেও বিভিন্ন আর্থিক ব্যয়ের কারণে চূড়ান্ত হিসাবে লোকসান থেকে বের হতে পারেনি প্রতিষ্ঠানটি। আলোচ্য সময়ে ৫৬০ কোটি টাকার ব্যবসার বিপরীতে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ১৮ কোটি ২৮ লাখ টাকার বেশি। তবে ব্যাংকঋণের সুদ, সরকারি কর ও শ্রমিককল্যাণ তহবিলে অর্থ প্রদানের পর নিট হিসাবে লোকসান হয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকঋণের সুদ বাবদ কোম্পানিটিকে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করতে হয়েছে। একই সময়ে শ্রমিককল্যাণ তহবিলে জমা দিয়েছে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা এবং সরকারি কর হিসেবে দিয়েছে দেড় কোটি টাকা।
এদিকে কোম্পানিটির লোকসানের তথ্য প্রকাশের দিনই ঢাকা স্টক এক্সচেঞ্জে এর শেয়ারের দাম কমেছে। বুধবার লেনদেন শেষে আরএকে সিরামিকসের প্রতিটি শেয়ারের দাম ২০ পয়সা কমে দাঁড়িয়েছে ২৪ টাকায়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।