পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন, পাশাপাশি কবরে চিরনিদ্রা
পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু, জানাজা শেষে একই স্থানে পাশাপাশি দাফন; নিহত পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা।
- আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৩:০০:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৩:০৬:২৯ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
পাবনায় বজ্রপাতে প্রাণ হারানো ছয় শিশু-কিশোরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর গোরস্থান মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে একই গোরস্থানে পাশাপাশি কবরে ছয়জনকে দাফন করা হয়।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে অনেকেই সোনাপাতি বিলে মাছ ধরতে যান। বিকেলের দিকে বৃষ্টির মধ্যে আটজন বিলের একটি টং ঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। অপর দুজন গুরুতর আহত হন।
বজ্রপাতের পর হতাহতরা বেশ কিছুক্ষণ টং ঘরের ভেতরেই পড়ে ছিলেন। পরে সন্ধ্যার দিকে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা জানিয়েছেন, নিহত ছয়জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বজ্রপাতে নিহত ও আহতদের জন্য সরকারের ঘোষিত আর্থিক সহায়তা নীতিমালা অনুযায়ী, নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।