ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৮:২২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৮:২২:৪৩ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১৭২ বার পঠিত
বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

অন্যদের মধ্যে তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বাকি দুজন।

বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স সল্ট লিমিটেডের কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ বলেছে, ওই কারখানার বড় জেনারেটরসহ কয়েকটি যন্ত্র বিকল ছিল। সেগুলো মেরামত করতে ৫টি ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করা হচ্ছিল। তখন শর্ট সার্কিট থেকে আগুন লাগলে দুটি এসির বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিসের ভাষ্য, আগুন লাগার বিষয়টি তাদের কাছে গোপন করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তারা কিছুই পায়নি। তার আগেই আগুন নিভিয়ে ফেলা হয় এবং দগ্ধদের সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালের ওই আগুনে ১০ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৫ জন কারখানাটির শ্রমিক এবং বাকি ৫ জন ঠিকদারের নিয়োগ করা শ্রমিক হিসেবে মেরামত কাজ করতে এসেছিলেন।

আগুনের ঘটনায় আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে দুপুরে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার।

 তিনি বলেন, বেলা ১১টার দিকে দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর।

দগ্ধরা হলেন- দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।

তাদের মধ্যে দিদারুল আলমের শরীরের ৯৫ শতাংশ, আলমের ৬৫, মাহমুদুল হকের ৬০, উজ্জ্বলের ৫০, নূর নবীর ৪৫, লিটনের ৪০, জাহিদুলের ৩৫, সেলিমের ২০ শতাংশ এবং জাহিদ ও সিরাজুলের ১০ শতাংশ করে পুড়েছে।

জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, “শরীরের বেশির ভাগ পুড়ে গেছে, এমন ৫ জনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

“তিনজন বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।”

অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন  বলেন, “সরেজমিন পরিদর্শন করে এবং কারখানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বুঝলাম, তাদের বড় জেনারেটরটি নষ্ট হয়ে গিয়েছিল। সেটি ছাড়াও কয়েকটি মেশিন নষ্ট ছিল।

“সেগুলো মেরামত করতে ৫টি ওয়েল্ডিং মেশিন আনা হয়। ওয়েল্ডিং মেশিন প্রচুর বিদ্যুৎ টানে। একারণে ভোল্টেজ আপ-ডাউনের এক পর্যায়ে সেখানে আগুন লেগে যায়। এতে সেখানে থাকা দুটি এসির বিস্ফোরণ ঘটে। আর এসি মানে তো গ্যাস বোমা। ফলে সেখানে যারা ছিল, তারা মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।”

বোয়ালখালী ফায়ার সার্ভিসের লিডার আজাহারুল ইসলাম দুপুরে বলেছিলেন, “সকাল ১০টা ১০ মিনিটে খবর পেয়ে আমরা কারখানায় গিয়েছিলাম। সেখানে গিয়ে কিছু পোড়া কাগজ দেখেছি। আমরা যাওয়ার আগেই সেখানকার লোকজন আগুন নিভিয়ে ফেলেছিল।”

জানতে চাইলে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ার হোসেন  বলেন, “আগুন লাগার বিষয়টা আমাদের কেউ কিছু জানায়নি। গোপন করা হয়েছে। আমাদের টিম সেখানে গিয়েও কিছু পায়নি। পরে আমরা শুনলাম, দগ্ধ হয়ে ১০ জন মেডিকেলে ভর্তি হয়েছেন।”

এ বিষয়ে জানতে কনফিডেন্স সল্ট লিমিটেডের এজিএম বোরহান উদ্দিনের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে ও হোয়াটস অ্যাপে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।

ওসি মোজাফফর হোসেন বলেন, “কারখানার দগ্ধ শ্রমিকদের কয়েকজনের বাড়িতে আমরা গিয়েছিলাম। সেখানে পরিবারের সদস্যদের কাউকে পাইনি। তারা সবাই হাসপাতালে বলে জেনেছি।

“পরবর্তীতে কেউ মামলা করলে বা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।