ঐক্যের কথা বলে সরকারই বিভেদের পথ তৈরি করছে: জামায়াত আমির
জাতীয় ঐক্যের পথে সরকার বাধা তৈরি করছে বলে অভিযোগ বিরোধীদলীয় নেতার; প্রশাসনে দুর্নীতি ও অযোগ্য নিয়োগ নিয়েও সমালোচনা
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৩:১২:৫৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৩:১২:৫৯ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে না নিলে দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর অভিযোগ, জাতীয় ঐক্যের কথা বললেও সরকারই এ পথে বাধা তৈরি করছে।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান জানান, জাতীয় সংসদের আগের অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী তাঁকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই সাক্ষাতে তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, জাতীয় ঐক্যের বিষয়ে বিরোধী দলও আগ্রহী। তবে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর না করার অবস্থান থেকে সরকার সরে না এলে ঐক্য গড়ে তোলা সম্ভব নয়।
জামায়াত আমির বলেন, সরকার এই দুটি বিষয়ে সম্মতি দিলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য আলাদা কোনো উদ্যোগের প্রয়োজন হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ হুমকি তৈরি করলে সব পক্ষ একসঙ্গে তা মোকাবিলা করবে।
সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, দেশে প্রত্যাশিত পরিবর্তনের প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং প্রশাসনের বিভিন্ন স্তরে অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, জুলাই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুর্নীতি ও বৈষম্য বাড়ছে।
এসব অনিয়মের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে জামায়াতের অবস্থান অব্যাহত থাকবে বলে জানান শফিকুর রহমান। তবে সংসদ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হলে সেখানে বিরোধী দলের অবস্থান ধরে রাখার যৌক্তিকতা নিয়েও ভাবতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, জামায়াত জ্বালাও-পোড়াও বা ধ্বংসাত্মক আন্দোলনে বিশ্বাস করে না। তবে যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। একদিকে ব্যবস্থা নেওয়ার কথা বলা, অন্যদিকে অভিযুক্তদের প্রশ্রয় দেওয়া—এ ধরনের দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য নয়।
শফিকুর রহমান আরও বলেন, সরকারের ভুলত্রুটি আড়াল করা কিংবা সরকারকে পাহারা দেওয়ার জন্য বিরোধী দল সংসদে যায়নি। জনগণের স্বার্থ রক্ষা এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করাই বিরোধী দলের দায়িত্ব।
তিনি বলেন, জনগণের রায়ের যথাযথ প্রতিফলন ঘটাতে হবে। তাঁর দাবি, ৭০ শতাংশ মানুষের দেওয়া ভোটের প্রতিফলন নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সরকার এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিলে বিরোধী দল সহযোগিতা করবে। অন্যথায় জনগণের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।