পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিদেশ থেকে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে বলে অভিযোগ সালাহউদ্দিন আহমদের
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৮:৪৯:২১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৮:৪৯:২১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৯ বার পঠিত
সংগৃহীত ছবি
দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, বিদেশ থেকে অডিও ও ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের অপচেষ্টা চালাচ্ছে, যা দলটির পুরোনো অভ্যাস। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকায় তাদের এ চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার বার্ষিক ইসলাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী, আলেম-বিদ্বেষী ও পরাধীনতাকামী কোনো পতিত শক্তি আবার রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে তা রুখে দিতে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এ প্রশ্নে সারা বাংলাদেশের নাগরিকেরা ঐক্যবদ্ধ রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
গণতান্ত্রিক চর্চার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন আদর্শ থাকবে এবং তর্ক-বিতর্ক হবে—এটাই স্বাভাবিক। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে অতীতে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তা আবারও গড়ে তোলা হবে। সেই সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুরী এবং স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ বার্ষিক মাহফিলে কয়েক হাজার ওলামায়ে কেরাম অংশ নিয়েছেন। আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা যায়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।