নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা
বন্যার ক্ষতি কাটাতে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ঘোষণা দিল্লির; বিশ্লেষকদের মতে, নেপালে কৌশলগত প্রভাব বাড়ানোও ভারতের লক্ষ্য
- আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৮:৩৬:৩২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৮:৩৬:৩২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১০ বার পঠিত
সংগৃহীত ছবি
নেপালের ভয়াবহ বন্যার পর পুনর্গঠন ও উন্নয়নে ১৫ হাজার কোটি রুপির আর্থিক সহায়তা ঘোষণা করেছে ভারত। বিশ্লেষকদের মতে, এই সহায়তার মধ্য দিয়ে বন্যাকবলিত দেশটির পাশে দাঁড়ানোর পাশাপাশি নেপালে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করে নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে চাইছে দিল্লি। ফলে কাঠমান্ডুকে ঘিরে ভারত ও চীনের প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। গত মার্চে ক্ষমতায় আসার পর এটিই তাঁর প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর। সফরকালে নেপালের পুনর্গঠন ও উন্নয়নে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ঘোষণা করে ভারত। এর মধ্যে সাড়ে তিন হাজার কোটি রুপি অনুদান এবং বাকি ১১ হাজার ৫০০ কোটি রুপি ঋণ হিসেবে দেওয়া হবে। ঋণের অর্থ মূলত জ্বালানি খাতে ব্যয় হওয়ার কথা।
গত আগস্টের ভয়াবহ বন্যায় নেপালের রাসুয়া ও ভোতেকোশি এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে সড়ক, সেতু, বিদ্যুৎকেন্দ্র ও ঘরবাড়ি। এতে প্রাণহানির পাশাপাশি নিখোঁজ হন বহু মানুষ। নেপাল সরকারের হিসাব অনুযায়ী, বন্যার ক্ষতি কাটিয়ে পুনর্গঠনে প্রায় ৫ বিলিয়ন ডলার প্রয়োজন। ভারতের ঘোষিত সহায়তা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি সহায়তা।
বন্যার পর প্রথম দেশ হিসেবে ভারত নেপালে উদ্ধার ও ত্রাণ সহায়তা পাঠায়। তবে চীনও নগদ অর্থ, ত্রাণসামগ্রী ও বিশেষজ্ঞ দল পাঠিয়ে দেশটির পাশে দাঁড়িয়েছে।
গত এক দশকে সীমান্ত বিরোধ এবং ২০১৫ সালের অবরোধকে কেন্দ্র করে নেপালে ভারতবিরোধী মনোভাব তৈরি হয়। ওই অবরোধের জন্য ভারতকে দায়ী করা হলেও দিল্লি তা অস্বীকার করে। এ পরিস্থিতিতে নেপালে বাণিজ্য, অবকাঠামো ও বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের প্রভাব বাড়িয়েছে চীন।
তবে ২০২৪-২৫ অর্থবছরে নেপালে ভারতের সহায়তার পরিমাণ চীনের তুলনায় চার গুণেরও বেশি ছিল। সাম্প্রতিক সহায়তা ঘোষণার মধ্য দিয়ে নেপালের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ নিয়েছে দিল্লি।
বালেন্দ্র শাহ সরকারের সামনে এখন বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠন বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, নেপাল ভারত বা চীনের কোনো এক পক্ষের ওপর নির্ভর না করে দুই দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইছে।
বিশ্লেষকদের মতে, নেপালের পুনর্গঠনে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলাই ভারতের জন্য গুরুত্বপূর্ণ। শুধু অর্থ সহায়তা নয়, তা কার্যকরভাবে বাস্তবায়নের মধ্য দিয়েই দিল্লির এই উদ্যোগের সাফল্য নির্ধারিত হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।