অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স
অর্থবছরের প্রথম চার মাসে দেশ দুটি থেকে এসেছে ১৭ কোটি ২৩ লাখ ডলারের বেশি
- আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৯:০৬:০৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৯:০৬:০৭ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৩৭ বার পঠিত
সংগৃহীত ছবি
বাংলাদেশের প্রবাসী আয়ের উৎসে বৈচিত্র্য আসছে। মধ্যপ্রাচ্যের প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশ থেকেও বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশ দুটি থেকে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ১৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে অস্ট্রেলিয়া থেকে ৯ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার এবং কানাডা থেকে ৭ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। দুই দেশ মিলিয়ে মোট প্রবাসী আয়ের প্রায় ১ দশমিক ৫ শতাংশ এসেছে এ দুটি উৎস থেকে। জুলাই-অক্টোবর সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার।
মাসভিত্তিক হিসাবে, অস্ট্রেলিয়া থেকে জুলাইয়ে ২ কোটি ১৩ লাখ, আগস্টে ২ কোটি ২১ লাখ ৪০ হাজার, সেপ্টেম্বরে ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার এবং অক্টোবরে ২ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
অন্যদিকে কানাডা থেকে জুলাইয়ে ১ কোটি ৭০ লাখ ৮০ হাজার, আগস্টে ১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার, সেপ্টেম্বরে ২ কোটি ১০ লাখ এবং অক্টোবরে ২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলার এসেছে। চার মাসের হিসাবে দেশটি থেকে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বৈদেশিক মুদ্রার স্থিতিশীল প্রবাহ বজায় রাখতে রেমিট্যান্সের উৎসে বৈচিত্র্য আনা গুরুত্বপূর্ণ। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক। পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আস্থা বাড়ারও প্রতিফলন এটি।
তিনি বলেন, প্রবাসীদের জন্য বৈধ পথে অর্থ পাঠানো সহজ, সুবিধাজনক ও আকর্ষণীয় করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। একই সঙ্গে অবৈধ হুন্ডি লেনদেন নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরিফ হোসেন খান আরও বলেন, রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করা, ব্যাংকিং সেবার মান উন্নয়ন এবং বৈধ বৈদেশিক মুদ্রাবাজার শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়ছে।
মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অবদানের কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, তাঁদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।
অস্ট্রেলিয়াপ্রবাসী চট্টগ্রামের আশিক মজুমদার বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠানো আগের চেয়ে সহজ হয়েছে। তিনি সহজেই বাংলাদেশে থাকা বাবার ভরণপোষণের জন্য অর্থ পাঠাতে পারছেন। রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করতে নেওয়া উদ্যোগগুলোরও প্রশংসা করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার, সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার এবং মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, রেমিট্যান্সের প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি অর্থনীতির জন্য প্রয়োজনীয় সহায়তা জোগাচ্ছে।
তিনি বলেন, প্রবাসী আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। এটি লাখ লাখ পরিবারের জীবনযাত্রায় সহায়তা করার পাশাপাশি অভ্যন্তরীণ ভোগ ও চাহিদা বাড়ায় এবং দেশের বৈদেশিক আর্থিক স্থিতিশীলতা জোরদার করে।
অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে, উন্নত দেশগুলোতে দক্ষ ও পেশাজীবী জনশক্তির কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে বিদেশে বাংলাদেশের কর্মসংস্থানের গন্তব্য আরও বিস্তৃত হবে। এতে দীর্ঘ মেয়াদে রেমিট্যান্স আয়ের সম্ভাবনাও বাড়বে।
তাঁদের মতে, প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলোতে দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারলে প্রবাসী আয়ের ভিত্তি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে সীমিতসংখ্যক দেশের ওপর রেমিট্যান্সের নির্ভরশীলতাও কমবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।