আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের
সংসদে সমাপনী বক্তব্যে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৮:৪৭:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৮:৪৭:৫৪ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৩ বার পঠিত
সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেন। তাঁর অভিযোগ, সাম্প্রতিক সময়ে দলটির কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ হয়েছে, তারা রাজনৈতিক দলের পরিবর্তে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কাজ করছে।
তারেক রহমান বলেন, দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত পলাতক ফ্যাসিস্ট অপশক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ দলটির সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার ও সংসদ যখন দেশকে স্বনির্ভর ও পুনর্গঠনের পথে এগিয়ে নিচ্ছে, তখন পতিত ও বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, দলটির পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে গণতন্ত্রকামী মানুষের বাড়িঘরে আগুন দেওয়া এবং হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, সাম্প্রতিক ঘটনাগুলোতে দলটির চরিত্র আবারও প্রকাশ পেয়েছে।
বিদেশে অবস্থানরত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যারা এসব ব্যক্তিকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থানও স্পষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পরিবর্তে সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দেশের মানুষ কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সংসদে প্রতিনিধিত্বকারী ও সংসদের বাইরের গণতান্ত্রিক দলগুলোর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে সবাইকে এক মঞ্চে দাঁড়াতে হবে।
এ সময় তিন দশক আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেওয়া একটি স্লোগানও স্মরণ করেন তিনি। তারেক রহমান বলেন, বাংলাদেশকে আর কখনো কোনো তাবেদার শক্তির হাতে সঁপে দেওয়া হবে না। গণতন্ত্রকামী জনগণ এ ধরনের শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
চব্বিশের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পতিত স্বৈরাচারের যেকোনো অপতৎপরতা প্রতিহত করার আহ্বান জানিয়ে সংসদের সমাপনী বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।