হামের চিকিৎসায় ভোগান্তি, ভয়াবহতা ছড়াচ্ছে ডেঙ্গু
হাসপাতালে হাসপাতালে ঘুরছেন হাম আক্রান্ত শিশুদের অভিভাবক, ডেঙ্গুতে মৃত্যু ৫ শতাধিক
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ১০:৫২:৩৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ১০:৫২:৩৮ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫২ বার পঠিত
ছবি—সংগৃহীত
হামের জটিলতার পাশাপাশি চিকিৎসা পেতে ভোগান্তিতে পড়ছেন আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকরা। অনেককে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হচ্ছে। হাম আক্রান্ত শিশুদের ভর্তি না নেওয়ার অভিযোগও উঠেছে বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে। একই সঙ্গে ভয়াবহতা ছড়াচ্ছে ডেঙ্গু। শিশুদের শরীরে বাড়ছে জটিলতা, ডেঙ্গুর শক সিন্ড্রোমের পাশাপাশি দেখা দিচ্ছে নানা ধরনের রক্তের রোগ। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে পাঁচ শতাধিক মানুষের, হাসপাতালে ভর্তি হয়েছেন দেড় লাখের বেশি রোগী।
১০ মাসের সুবর্ণা। মাথায় ক্যানুলা নিয়ে অপেক্ষা করছে বাড়ি ফেরার। হাসপাতালে টানা দুই মাস কাটাতে হয়েছে তাকে। চারদিন ছিল আইসিইউতে। একপর্যায়ে সন্তানের সুস্থতা নিয়ে আশা ছেড়ে দিয়েছিল পরিবার। জন্মের পর মায়ের বুকের দুধও পায়নি শিশুটি। দেওয়া হয়নি হামের টিকাও। ফলে তাকে সহ্য করতে হয়েছে হামের অবর্ণনীয় যন্ত্রণা।
হাম আক্রান্ত শিশুদের প্রায় সবারই একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে। সাধারণ ঠান্ডা-কাশি থেকে শ্বাসকষ্ট, পরে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে অনেকে। এর সঙ্গে যুক্ত হচ্ছে চিকিৎসা পেতে বাড়তি ভোগান্তি। তিন মাসের ইয়ামিনকে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেছেন তার মা। হাম আক্রান্ত শুনে কোথাও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। মাগুরা থেকে ফরিদপুর হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে বর্তমানে ইয়ামিনের ঠিকানা রাজধানীর শিশু হাসপাতালের হাম ওয়ার্ড।
একই ধরনের উপসর্গ নিয়ে শিশুদের চাপ বাড়ছে ডেঙ্গু ওয়ার্ডেও। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে শক সিন্ড্রোম ও রক্তের নানা ধরনের রোগ দেখা যাচ্ছে। অন্য রোগে আক্রান্ত শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চিকিৎসকরা বলছেন, হাম ও ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে ব্যক্তিগত সচেতনতার বিকল্প নেই। পাশাপাশি শিশুদের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক হতে হবে।
বাংলাদেশ শিশু হাসপাতালের রেজিস্টার ডা. হালিমা আক্তার তৃপ্তি বলেন, শিশুদের বিশেষভাবে ফুলহাতা জামা পরাতে হবে। এ ছাড়া বাজারে বিভিন্ন অ্যান্টি-মসকিউটো ক্রিম পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে হবে। মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের হামের টিকা নিয়ে নিতে হবে।
চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি পাঁচশ ছাড়িয়েছে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার। অন্যদিকে, ১৫ মার্চ থেকে হাম উপসর্গে মৃত্যু ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা আড়াই লাখের বেশি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।