বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা
লালমনিরহাটের ঐতিহ্যবাহী এ হাটে সপ্তাহে দুই দিন অন্তত ২০ হাজার কাঁদি কলা বিক্রি হয়
- আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১০:২৯:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১০:২৯:৪৯ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ২২ বার পঠিত
সংগৃহীত ছবি
লালমনিরহাট সদরের ঐতিহ্যবাহী বড়বাড়ী কলার হাটে সপ্তাহে দুই দিন অন্তত এক কোটি টাকার কলা বেচাকেনা হয়। প্রতি বুধবার ও শনিবার বসা এ হাটে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের পাশাপাশি কুড়িগ্রাম ও রংপুরের বিভিন্ন উপজেলা থেকেও কলা নিয়ে আসেন চাষি ও ব্যবসায়ীরা। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করা হয়।
হাটে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। সারি সারি কলার কাঁদি ঘিরে ক্রেতা-বিক্রেতাদের দর-কষাকষি, কলা বাছাই এবং ট্রাকে পণ্য বোঝাইয়ের ব্যস্ততা দেখা যায়। সাগর, মালভোগ, চিনি চম্পা, আটিয়া ও মনুয়াসহ বিভিন্ন জাতের কলা বিক্রি হয় এখানে।
স্থানীয় ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বুধবারের বড় হাটে প্রায় ১২ হাজার এবং শনিবার প্রায় ৮ হাজার কলার কাঁদি বেচাকেনা হয়। অর্থাৎ সপ্তাহে দুই দিনে মোট অন্তত ২০ হাজার কাঁদি কলা বিক্রি হয়।
স্থানীয় কলা ব্যবসায়ী জহির উদ্দিন (৫৫) এবং বড়বাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফারুক আহমেদ (৪৮) জানান, বুধবারের হাটে প্রায় ৬০ থেকে ৬২ লাখ টাকার এবং শনিবার ৪০ থেকে ৪৫ লাখ টাকার কলা বিক্রি হয়। দুই দিনের হাটে মোট বিক্রির পরিমাণ দাঁড়ায় অন্তত এক কোটি টাকা। রমজানের আগে ও গরমকালে কলার সরবরাহ এবং বেচাকেনা আরও বেড়ে যায়।
বুধবারের হাটে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, জাত, মান ও আকারভেদে প্রতি কাঁদি বা পিঁড় সাগর কলা ২০০ থেকে ৪৫০ টাকা, মালভোগ ২৫০ থেকে ৮০০ টাকা, চিনি চম্পা ২০০ থেকে ৪৫০ টাকা এবং মনুয়া ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কলাচাষি আলেফ উদ্দিন (৫০) বলেন, কলা চাষে প্রতি বিঘায় বছরে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। বাজার ভালো থাকলে প্রায় লাখ টাকার কলা বিক্রি করা সম্ভব।
কুড়িগ্রামের রাজারহাটের কৃষক জলিল উদ্দিন (৪৬) জানান, তাঁর আড়াই বিঘা জমিতে সাগর কলার ভালো ফলন হয়েছে। তবে প্রতিটি কাঁদি বিক্রি করতে হয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। অথচ হাটে প্রতি হালি কলা ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে দাম থাকে ২০ থেকে ৪০ টাকা।
বড়বাড়ী ইউনিয়নের কৃষক ও কলা ব্যবসায়ী নাজমুল হোসেন (৫০) বলেন, পরিবহনসহ বিভিন্ন খরচ মিটিয়ে পাইকারদের কাছে কলা সরবরাহ করতে হয়। হাটে বাইরের পাইকারের সংখ্যা বাড়লে প্রতিযোগিতা তৈরি হবে এবং কৃষকেরা ভালো দাম পাবেন।
হাটের ইজারাদার রহিম উদ্দিন (৭৮) বলেন, বেচাকেনা বাড়াতে জেলার বাইরের পাইকারদের আকৃষ্ট করা প্রয়োজন। এতে ক্রেতার সংখ্যা বাড়বে এবং কৃষকেরাও ন্যায্যমূল্য পাবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রামাঞ্চলের অধিকাংশ বাড়িতে পারিবারিক চাহিদা মেটাতে কমবেশি কলা গাছ রয়েছে। পাশাপাশি বাণিজ্যিকভাবেও কলার চাষ হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে জেলায় ১২৩ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, একটি কলাগাছে সাধারণত একটি কাঁদি বা পিঁড় ধরে। জাত ও আকারভেদে এতে একাধিক ছড়া থাকে এবং প্রতিটি ছড়ায় থাকে একাধিক কলা। কাঁদির আকার ও কলার সংখ্যা জাতভেদে ভিন্ন হয়।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া কলা চাষের উপযোগী। পরিকল্পিত চাষ, আধুনিক পরিচর্যা ও উন্নত বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে কলা এ অঞ্চলের কৃষকদের আয়ের অন্যতম উৎস হতে পারে। ন্যায্যমূল্য নিশ্চিত হলে এ চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।