পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব
আন্তর্জাতিক বাজার, মধ্যপ্রাচ্যের সংঘাত, জাহাজভাড়া ও ডলারের বিনিময় হারকে দায়ী করল সংগঠনটি
- আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৮:৩৬:৫৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৮:৩৬:৫৭ অপরাহ্ন
- ৪ মিনিট পড়ার সময়
- ১৯ বার পঠিত
সংগৃহীত ছবি
দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ার পেছনে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, কাঁচামালের মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়াকে দায়ী করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। সংগঠনটির দাবি, এসব কারণে আন্তর্জাতিক বাজার থেকে এলপিজি কেনা ও দেশে পরিবহনের খরচ বেড়েছে, যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ের দামে।
লোয়াবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বারের পাঠানো এক ব্যাখ্যায় এলপিজির দাম বৃদ্ধির চারটি প্রধান কারণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি এবং বাজারে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সংগঠনের সদস্যরা প্রতিশ্রুতিবদ্ধ।
সংগঠনটির ব্যাখ্যা অনুযায়ী, দেশের এলপিজির দাম অনেকটাই আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল। প্রতি মাসের শেষে সৌদি আরামকো এলপিজির বৈশ্বিক বেঞ্চমার্ক মূল্য বা সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) ঘোষণা করে। এর ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসের প্রথম সপ্তাহে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে।
লোয়াবের হিসাবে, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মোট মূল্যের প্রায় ৮০ শতাংশ নির্ভর করে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কেনা ও আমদানি ব্যয়ের ওপর। বাকি প্রায় ২০ শতাংশের মধ্যে রয়েছে ভ্যাট-ট্যাক্স, সিলিন্ডারে গ্যাস ভরা, মুনাফা, স্থানীয় পরিবহন এবং ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও তার প্রভাব পড়ে।
লোয়াব জানিয়েছে, ২০২৫ সালে প্রতি টন এলপিজির সৌদি কন্ট্রাক্ট প্রাইসের গড় ছিল প্রায় ৫৫২ ডলার। ২০২৬ সালে তা বেড়ে গড়ে প্রায় ৬৬৬ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে কাঁচামালের গড় ক্রয়মূল্য বেড়েছে প্রায় ২১ শতাংশ।
এলপিজি মূলত প্রোপেন ও বিউটেনের মিশ্রণ। সংগঠনটির তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসে প্রোপেনের সৌদি কন্ট্রাক্ট প্রাইস টনপ্রতি ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলার। ৩৫:৬৫ অনুপাতে হিসাব করলে গড় মূল্য দাঁড়ায় প্রায় ৭৫৯ ডলার। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিকল্প উৎস থেকে গ্যাস সংগ্রহের প্রতিযোগিতা বেড়েছে। এতে পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি সরবরাহকারীদের অতিরিক্ত প্রিমিয়ামও দিতে হচ্ছে আমদানিকারকদের।
সংগঠনটির হিসাবে, ফেব্রুয়ারিতে প্রতি কেজি এলপিজির নির্ধারিত মূল্য ছিল ১১৩ টাকা। নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সায়।
দাম বৃদ্ধির আরেকটি কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের সংঘাত ও জাহাজ সংকটের কথা জানিয়েছে লোয়াব। তাদের দাবি, যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি ও বাব-এল-মান্দেব নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে। এতে প্রচলিত সরবরাহ চুক্তি বাতিল ও অনিশ্চিত হয়ে পড়েছে।
লোয়াবের দাবি, যুদ্ধ শুরুর আগেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছিল। বর্তমানে দেশের মোট এলপিজি চাহিদার প্রায় ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আসছে। তবে দীর্ঘ সমুদ্রপথে পরিবহন এবং বিশ্বজুড়ে এলপিজি বহনকারী বিশেষায়িত জাহাজের সংকটের কারণে আমদানি ব্যয় বেড়েছে। কিছু ক্ষেত্রে জাহাজভাড়া ও সংশ্লিষ্ট চুক্তিমূল্য স্বাভাবিক সময়ের তুলনায় তিন থেকে চার গুণ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আনতে বেশি সময় লাগে। এতে জাহাজ পরিচালনা ও পরিবহন ব্যয় বাড়ছে। ফলে আমদানির পর দেশের বন্দরে পণ্য পৌঁছানো পর্যন্ত মোট ব্যয় বা ল্যান্ডেড কস্ট বেড়েছে।
ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নও এলপিজির দামে প্রভাব ফেলছে বলে দাবি করেছে লোয়াব। সংগঠনটির তথ্য অনুযায়ী, গত এক বছরে ডলারের বিপরীতে টাকার মান প্রায় ৩ শতাংশ কমেছে। আন্তর্জাতিক বাজারে ডলারে মূল্য পরিশোধ করে এলপিজি আমদানি করতে হয়। তাই ডলারের বিনিময় হার বাড়লে স্থানীয় মুদ্রায় আমদানি ব্যয়ও বৃদ্ধি পায়।
ভারতের তুলনায় বাংলাদেশে এলপিজির দাম বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে লোয়াব দুই দেশের আমদানি অবকাঠামো, নিজস্ব উৎপাদন, বাজারের আকার ও সরকারি ভর্তুকির পার্থক্য তুলে ধরেছে।
সংগঠনটির দাবি, ভারতের সমুদ্রবন্দরগুলোতে বড় জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারে। একটি বড় জাহাজের প্রায় ৪২ হাজার টন এলপিজি সেখানে তিন থেকে চার দিনের মধ্যে খালাস করা সম্ভব। অন্যদিকে বাংলাদেশের বন্দরে পর্যাপ্ত গভীরতা না থাকায় গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ছোট জাহাজে গ্যাস স্থানান্তর করে আনতে হয়। এ প্রক্রিয়ায় প্রায় ২৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
লোয়াবের হিসাবে, একটি বড় গ্যাসবাহী জাহাজ পরিচালনায় দৈনিক প্রায় ২ লাখ ডলার ব্যয় হয়। ফলে ২০ দিনে শুধু জাহাজ পরিচালন খরচ দাঁড়ায় প্রায় ৪০ লাখ ডলার। এ বাড়তি ব্যয়ও ভোক্তা পর্যায়ের দামে প্রভাব ফেলে বলে মনে করে সংগঠনটি।
লোয়াব আরও জানিয়েছে, ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় ৫০ শতাংশ দেশটির নিজস্ব শোধনাগারে উৎপাদিত হয়। বিপরীতে বাংলাদেশকে প্রায় পুরো চাহিদার জন্য আমদানির ওপর নির্ভর করতে হয়। ভারতের এলপিজি বাজার বাংলাদেশের তুলনায় প্রায় ২০ গুণ বড় হওয়ায় দেশটি আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে পাইকারি মূল্যছাড় ও জাহাজ ব্যবহারে বাড়তি সুবিধা পায়।
সরকারি ভর্তুকির পার্থক্যও দামের ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে দাবি করেছে সংগঠনটি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের ২০২৫-২৬ অর্থবছরে এলপিজি খাতে প্রায় ৩০ হাজার কোটি রুপি বা ৩ দশমিক ১ বিলিয়ন ডলার ভর্তুকির বরাদ্দ রয়েছে। অন্যদিকে বাংলাদেশে এলপিজি খাতে সরকারি ভর্তুকি নেই। ফলে আমদানি ব্যয়ের বড় অংশ সরাসরি ভোক্তাদের বহন করতে হয়।
দীর্ঘমেয়াদে আমদানি ব্যয় কমাতে মহেশখালীতে ল্যান্ড টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছে লোয়াব। সংগঠনটির মতে, সরকারি উদ্যোগে অথবা সরকারি-বেসরকারি যৌথ অংশীদারত্বে এ ধরনের টার্মিনাল নির্মাণ করা হলে এলপিজি আমদানির ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে।
এদিকে ভোক্তাদের স্বার্থ রক্ষায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে। বিইআরসিও নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে সতর্কবার্তা জারি করেছে।
লোয়াব জানিয়েছে, সংগঠনের আওতাধীন অপারেটর ও পরিবেশকদের নির্ধারিত দামে এলপিজি বিক্রি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো অসাধু চক্র বা খুচরা বিক্রেতা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।