রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, নতুন সুবিধা পাবেন ৬ লাখ মানুষ
ট্রাকের সংখ্যা ৭০টি বাড়িয়ে ৪০ লাখ মানুষকে সাশ্রয়ী দামে পণ্য দেওয়ার পরিকল্পনা, বাড়ছে আমদানিও।
- আপলোড সময় : ১২-১১-২০২৬ ০১:৩২:৫৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১১-২০২৬ ০১:৩৫:৪৩ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৩২ বার পঠিত
ছবি সংগৃহিত
আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে সারা দেশে ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ৭০টি ট্রাক বাড়ানো হচ্ছে। এতে সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন আরও ছয় লাখ মানুষ। পাশাপাশি বাড়তি চাহিদা মোকাবিলায় ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানির প্রস্তুতিও নিচ্ছে সংস্থাটি।
টিসিবি সূত্রে জানা গেছে, গত রমজানে সংস্থাটির ট্রাক থেকে পণ্য কেনার সুবিধা পেয়েছিলেন ৩৪ লাখ মানুষ। এবার এ সংখ্যা বাড়িয়ে ৪০ লাখে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদের জন্যও খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) উদ্যোগ নেওয়া হচ্ছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে। নিয়মিত পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না।
তিনি আরও জানান, স্মার্ট কার্ডের নিয়মিত কার্যক্রমের বাইরে অধিকসংখ্যক মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে অতিরিক্ত বিক্রির বিষয়টি বিবেচনা করছে সরকার। এ লক্ষ্যে ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিছু পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। তবে অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে টিসিবি একটি ক্রয় পরিকল্পনা তৈরি করেছে। এর আওতায় স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
এ সময়ে দেশে ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ লাখ ২৩ হাজার টন, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ লাখ ৫ হাজার টন। এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ৫ হাজার টনের, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৩১ হাজার টন বেশি। একই সময়ে সয়াবিন বীজ আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার টনে।
চিনি আমদানি হয়েছে ৬ লাখ ৮৭ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি। এ সময়ে চিনির জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ১০ হাজার টনের।
রমজানে ইফতারের অন্যতম উপকরণ ছোলার আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রায় চার মাসে ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার টন। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১২ হাজার টন। এ সময়ে ছোলার জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ৩৮ হাজার টনের।
এ ছাড়া মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ১৪ হাজার টনের। অন্যদিকে খেজুর আমদানি বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার টনে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ হাজার টন।
টিসিবির ট্রাকের সংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত পণ্য আমদানির প্রস্তুতি এবং বাজারে আমদানি বাড়ার এ চিত্র আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রে সংস্থাটির প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।