শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানে ‘কীর্তিমান সম্মাননা-২০২৬’ পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
হাটহাজারীতে ‘ঐকতান সাংস্কৃতিক উৎসব ও কীর্তিমান সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের উপস্থিতিতে চবি উপাচার্যকে এই সম্মাননা প্রদান করা হয়
- আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৯:৫৭:৪২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৯:৫৭:৪২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৫ বার পঠিত
ছবি: প্রতিনিধি
শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কীর্তিমান সম্মাননা-২০২৬’ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। হাটহাজারীর ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠী তাঁকে এ সম্মাননা প্রদান করে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় হাটহাজারীর ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি অফিস প্রাঙ্গণে আয়োজিত ‘ঐকতান সাংস্কৃতিক উৎসব ও কীর্তিমান সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রতিটি জাতি ও দেশের জন্য সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক আগ্রাসনের ধরন পরিবর্তিত হওয়ায় নিজেদের সংস্কৃতিকে নতুনভাবে ধারণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে নিয়মিত সাংস্কৃতিক চর্চার পাশাপাশি অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতা জরুরি। যথাযথ পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো শিল্প বা সংস্কৃতির বিকাশ সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, নিষ্ঠা ও ভালোবাসার মাধ্যমে সমাজে সংস্কৃতিচর্চা এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ টিকিয়ে রাখার উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগীত, নৃত্য ও সংস্কৃতিচর্চা মানুষের মননশীলতা বিকাশের পাশাপাশি সুন্দর, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর এ আয়োজন সাংস্কৃতিক চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিশিষ্ট সংগীতশিল্পী আবিদা সুলতানা ও রফিকুল আলম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মুমিন, যিশু বণিক, কল্যাণ পাল ও বিপ্লব পাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকৌশলী সিদ্দিক হোসেন মামুন।
ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি তড়িৎ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আরও সাতজনকে ‘কীর্তিমান সম্মাননা’ প্রদান করা হয়।
এ সময় হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।