নেত্রকোনার পূর্বধলায় ধলাই নদীর আগ্রাসনে বিলীন হওয়ার পথে ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা
নদীভাঙনের তীব্র ঝুঁকিতে রয়েছে ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত বৃহত্তর ময়মনসিংহের অন্যতম প্রাচীন এই দ্বীনি শিক্ষাকেন্দ্র, দ্রুত স্থায়ী ব্যবস্থার দাবি স্থানীয়দের
- আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৮:৪২:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৮:৪২:০৯ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৬০ বার পঠিত
ছবি: প্রতিনিধি
নদীর কিনারে দাঁড়িয়ে থাকা জীর্ণ ভবনগুলো যেন প্রতি মুহূর্তেই গিলে খাওয়ার অপেক্ষায় থাকা ধলাই নদীর স্রোতের দিকে তাকিয়ে আছে । পাড়ের মাটি ধসে পড়ছে প্রতিনিয়ত, আর সেই সঙ্গে বাড়ছে ৭০ বছরের পুরোনো একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হারিয়ে যাওয়ার শঙ্কা ।
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের শরীফপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ‘জামিয়া দারুস সুন্নাহ’ মাদ্রাসাটি এখন ধলাই নদীর ভয়াবহ ভাঙনের মুখে চরম অস্তিত্ব সংকটে পড়েছে ।
সরেজমিনে দেখা যায়, মাদ্রাসাটির বর্তমান অবস্থান নদীর একেবারে তীরে । পানির স্রোতে পাড়ের মাটি সরে যাওয়ায় অবশিষ্ট ভবনগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে । দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে পুরো প্রতিষ্ঠানটিই নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ।
১৯৫৫ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি একসময় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম প্রধান দ্বীনি শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল । দূর-দূরান্ত থেকে শত শত এতিম ও অসহায় শিক্ষার্থী হাদিসের জ্ঞান অর্জনের জন্য এখানে আসতেন । একসময় প্রতিষ্ঠানটিতে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পর্যন্ত পাঠদান করা হতো ।
স্থানীয় সূত্রে জানা যায়, ধলাই নদীর করাল গ্রাসে এর আগেও কয়েক দফায় মাদ্রাসার মূল ভবন নদীগর্ভে বিলীন হয়েছে। প্রতিবারই এলাকাবাসী নিজেদের উদ্যোগে প্রতিষ্ঠানটি নদী থেকে কিছুটা দূরে সরিয়ে নতুন করে অবকাঠামো নির্মাণ করেছেন। তবে বারবার ভাঙনের ক্ষতি ও তীব্র আর্থিক সংকটের কারণে একপর্যায়ে বন্ধ হয়ে যায় দাওরায়ে হাদিস বিভাগ।নানা সীমাবদ্ধতা ও ভাঙনের আতঙ্ক মাথায় নিয়ে এখনো প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম কোনোমতে চালু রাখা হয়েছে। বর্তমানে পুরুষ শাখায় নূরানী, হিফজ ও কিতাব বিভাগের হেদায়াতুন নাহু পর্যন্ত এবং মহিলা শাখায় মেশকাত জামাত পর্যন্ত পাঠদান চলছে।
এলাকাবাসীর অভিযোগ, ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি রক্ষায় নদীভাঙন রোধে এখনো দৃশ্যমান কোনো স্থায়ী প্রতিরোধব্যবস্থা, বাঁধ কিংবা জিও ব্যাগ ও ব্লক স্থাপন করা হয়নি। মাদ্রাসাটি রক্ষায় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। তাঁদের দাবি, দ্রুত সরেজমিন পরিদর্শন করে ধলাই নদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। সময়মতো উদ্যোগ নেওয়া না হলে পূর্বধলার ৭০ বছরের এই প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানটি চিরতরে হারিয়ে যাবে, যা এলাকার ধর্মীয় ও শিক্ষাব্যবস্থায় অপূরণীয় ক্ষতি ডেকে আনবে ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।