সরকারি বিএম কলেজে ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত
কলেজ মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ, অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা ও ছাড়ের ঘোষণা দেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার
- আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১১:০৯:৫৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১১:০৯:৫৮ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৬ বার পঠিত
ছবি: প্রতিনিধি
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের সঙ্গে জ্যেষ্ঠ ও সাবেক শিক্ষার্থীদের পরিচিতি, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রত্যয় নিয়ে এ আয়োজন করা হয়।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় কলেজের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে মূল আলোচনা পর্বের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাজিদ আরমান সজীব।
কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাইমুর রহমান নাইম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. সুলতান মাহমুদ রিয়াজ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের বরিশাল শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. মোশাররফ হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে নবীন ও সাবেক শিক্ষার্থীদের প্রতিনিধিরাও বক্তব্য দেন।
বিশেষ অতিথির বক্তব্যে মো. মোশাররফ হোসেন বিএম কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘২০০০ সালে বিএম কলেজ থেকে বিদায় নিয়েছিলাম। আজ আবার ডিপার্টমেন্টে গিয়ে মনে হলো, যেন সেদিনই সেখানে বসে প্র্যাকটিক্যাল ক্লাস করছিলাম।’ সাবেক শিক্ষার্থী হিসেবে কলেজের সঙ্গে নিজের আবেগ ও স্মৃতির সম্পর্ক তুলে ধরে তিনি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার কথাও জানান।
তিনি বলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে বিএম কলেজের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের সদস্যরাও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের জন্য চিকিৎসকদের ভিজিট ফি সম্পূর্ণ মওকুফ রাখার ঘোষণা দেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের প্রায় দেড় শতাধিক কর্মী বিএম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী।
সভাপতির বক্তব্যে ড. মো. মাসুদুর রহমান বলেন, বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সঙ্গে তাঁর ২১ বছরের সম্পৃক্ততা রয়েছে। দীর্ঘদিনের এই অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সংগঠনটিকে আরও কার্যকর ও সুসংগঠিত করার পরিকল্পনার কথা জানান তিনি। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে শিক্ষকদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ, শিক্ষার্থীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি এবং একটি স্থায়ী তহবিল গঠন করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করা সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা পর্ব শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী নবীন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া সব নবীন শিক্ষার্থীর মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।