শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার
অসুস্থতা বা অসদাচরণের ক্ষেত্রে অন্য আসামিদেরও ভিডিও কনফারেন্সে বিচারকাজে অংশ নেওয়ার সুযোগ থাকবে
- আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৯:২৮:৫৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৯:২৮:৫৮ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৪ বার পঠিত
সংগৃহীত ছবি
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচারকার্য এখন থেকে কারাগারে রেখে ভার্চ্যুয়ালি পরিচালনার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে মামলার কোনো আসামি দীর্ঘদিন অসুস্থ থাকলে বা অসদাচরণ করলে তাঁর ক্ষেত্রেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকাজে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করে আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম।
তিনি বলেন, শাপলা চত্বর মামলায় জিয়াউল আহসানকে কারাগারে রেখেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করার আবেদন করেছিল প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করেছেন। এখন থেকে তাঁকে কারাগার থেকেই ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নিতে হবে।
প্রসিকিউটর আরও জানান, আদেশটি শুধু জিয়াউল আহসানের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। মামলার কোনো আসামি দীর্ঘদিন অসুস্থ থাকলে, আদালতে আসতে না চাইলে, দীর্ঘ সময় অনুপস্থিত থাকলে বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তাঁর ক্ষেত্রেও ভিডিও কনফারেন্সে বিচারকাজ পরিচালনার ব্যবস্থা কার্যকর হতে পারে।
এর আগে সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, জিয়াউল আহসানকে ভার্চ্যুয়ালি হাজির করার জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হবে।
তিনি অভিযোগ করেন, জিয়াউল আহসান যেসব মামলার আসামি, সেসব মামলার কার্যক্রমে তিনি ও তাঁর আইনজীবী বোন বাধা সৃষ্টি করছেন। চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে জিয়াউল আহসান ট্রাইব্যুনালে আসতে অনীহা প্রকাশ করেন। কখনো অসুস্থতার কথা বলেছেন, আবার কখনো দায়িত্ব পালনরত পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। পরে তাঁকে প্রিজন ভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। নিরাপত্তার কারণে সব আসামিকে হাতকড়া পরিয়ে আনা হয়েছিল বলেও জানান তিনি। এসব কারণে আদালতের কার্যক্রম বিলম্বিত হয়েছে বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম।
প্রসঙ্গত, শাপলা চত্বর হত্যা মামলায় অন্তর্বর্তী সরকারের সময়ে বরখাস্ত হওয়া মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ১১ আসামিকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। গুম ও হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিচার চলছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন জিয়াউল আহসান।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।