বগুড়ায় সাবেক দুই এমপিসহ আ.লীগের ১০৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও চলন্ত ভ্যানে অগ্নিসংযোগের অভিযোগে শেরপুর থানায় মামলা, অজ্ঞাত আসামি আরও ২০০ জন।
- আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০১:১৬:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০১:১৬:০৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫২ বার পঠিত
ছবি : প্রতিনিধি
বগুড়ার শেরপুরে সাবেক দুই এমপিসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১০৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় মামলাটি দায়ের করেন।
এজাহারনামীয় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং সাবেক পৌর কাউন্সিলর শুভ ইমরানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিদের পৃষ্ঠপোষকতায় সরকারবিরোধী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি চলন্ত ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি নাশকতার ওই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এর আগে, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় একটি চলন্ত বস্তা বোঝাই ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় একঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করে পুলিশ।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ‘মহাসড়কে নাশকতার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।