আইইবির নবনির্বাচিত নেতৃত্বকে আইটিইটির অভিনন্দন
আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও বিভিন্ন পর্ষদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করার আশাবাদ।
- আপলোড সময় : ১৬-১১-২০২৬ ১০:৪১:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৬ ১০:৪১:২৭ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
ছবি : প্রতিনিধি
বাংলাদেশের টেক্সটাইল প্রকৌশলীদের পেশাজীবি সংগঠন দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
১৫ নভেম্বর (সোমবার) প্রকাশিত এক অভিনন্দন বার্তায় আইটিইটি আইইবি'র নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি, কেন্দ্রীয় কাউন্সিল, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিভিশন, সেন্টার ও সাব-সেন্টার, উইমেনস ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার, ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারসহ অন্যান্য নির্বাচিত পর্ষদের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়েছে।
অভিনন্দন বার্তায় আইটিইটি, বাংলাদেশ উল্লেখ করে, নবনির্বাচিত নেতৃত্বের এই অর্জন প্রকৌশলী সমাজের আস্থা, বিশ্বাস এবং তাঁদের নেতৃত্ব, দূরদর্শিতা ও পেশাগত অঙ্গীকারের প্রতিফলন।
বার্তায় আরও আশা প্রকাশ করা হয়, আইইবি'র নতুন নেতৃত্ব প্রকৌশলীদের মধ্যে পেশাগত ঐক্য ও সংহতি জোরদার, প্রকৌশলীদের মর্যাদা ও স্বীকৃতি প্রতিষ্ঠা, প্রকৌশল শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের প্রসার এবং দেশের শিল্প ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই সঙ্গে প্রকৌশল পেশার একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আইইবি এবং এর নির্বাচিত বিভিন্ন পর্ষদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, অংশীদারত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে আইটিইটি,
বাংলাদেশ। প্রতিষ্ঠানটি মনে করে, প্রকৌশলী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকতর ঐক্য ও সহযোগিতা জাতীয় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রকৌশলী সমাজের স্বার্থ ও অগ্রগতি নিশ্চিত করতে সহায়ক হবে।
অভিনন্দন বার্তার শেষাংশে নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ ও প্রতিনিধির নিজ নিজ দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তির উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।
অভিনন্দন বার্তায় স্বাক্ষর করেন আইটিইটি'র সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী এ.এস.এম. হাফিজুর রহমান নিক্সন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।