পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি
জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতা যাচাইয়ে জরিপের পরামর্শ
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৯:০৩:২৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৯:০৩:২৫ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৩৮ বার পঠিত
সংগৃহীত ছবি
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং শিল্পের আর্থিক সক্ষমতা সম্পর্কে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য তথ্য নেই জাতীয় মজুরি বোর্ডের কাছে। ফলে তথ্য-প্রমাণের ভিত্তিতে মজুরি নির্ধারণের বদলে শ্রমিক ও মালিকপক্ষের দর-কষাকষিই প্রক্রিয়ায় বেশি প্রভাব ফেলছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বুধবার (১৮ নভেম্বর) ‘ডিটারমিনিং দ্য মিনিমাম ওয়েজ ইন দ্য আরএমজি সেক্টর’ শীর্ষক বিশ্লেষণ উপস্থাপন করে এসব কথা জানায় প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে বাংলাদেশের পোশাকশিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণের বর্তমান পদ্ধতির বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরা হয়।
সিপিডির বিশ্লেষণে বলা হয়, মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় একটি নিয়মিত চক্র তৈরি হয়েছে। প্রথমে শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবি জানান, এরপর মালিকপক্ষ পাল্টা প্রস্তাব দেয়। এ নিয়ে শ্রম অসন্তোষ বাড়তে থাকে। একপর্যায়ে মজুরি বোর্ড দুই পক্ষের দাবির মাঝামাঝি কোনো অঙ্ক নির্ধারণ করে। এতে কোনো পক্ষই পুরোপুরি সন্তুষ্ট হয় না এবং পরবর্তী মজুরি পুনর্নির্ধারণের সময় আবারও বিরোধ দেখা দেয়।
প্রতিষ্ঠানটির মতে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পারিবারিক পরিস্থিতি এবং পোশাকশিল্পের আর্থিক সক্ষমতা নিয়ে মজুরি বোর্ডের কাছে স্বাধীন, হালনাগাদ ও পূর্ণাঙ্গ মূল্যায়ন নেই। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য ১১টি বিষয় উল্লেখ করা হলেও সেগুলো কীভাবে পরিমাপ করা হবে বা কোন বিষয়কে কতটা গুরুত্ব দেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা নেই। ফলে মজুরি নির্ধারণের কোনো সর্বজনস্বীকৃত সূচকও গড়ে ওঠেনি।
বর্তমান আলোচনায় শ্রমিকেরা প্রবেশপর্যায়ের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানিয়েছেন। তবে মালিকপক্ষ এখনো তাদের প্রস্তাব দেয়নি। প্রস্তাব উপস্থাপনের জন্য নির্ধারিত সভা পিছিয়ে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিক্ষোভ, সংঘর্ষ, গ্রেপ্তার ও কারখানা বন্ধের মতো ঘটনায় মজুরি নির্ধারণের পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও শিল্পের ব্যবসায়িক সক্ষমতা যাচাইয়ে বড় পরিসরে জরিপ পরিচালনার পরামর্শ দিয়েছে সিপিডি। প্রতিষ্ঠানটির মতে, জরিপে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম, শিল্পাঞ্চলের বাড়িভাড়া, মৌলিক চাহিদা পূরণের ব্যয়, পরিবারের সদস্যসংখ্যা এবং উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা বিবেচনায় নিতে হবে।
পাশাপাশি পোশাকশিল্পের শ্রম উৎপাদনশীলতা, রপ্তানি মূল্য, ক্রয়াদেশের অবস্থা, উৎপাদন খরচ, কারখানার মুনাফা, কর্মসংস্থানের প্রবণতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও মূল্যায়ন করা প্রয়োজন।
সিপিডির প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের মৌলিক চাহিদার ভিত্তিতে ন্যূনতম মজুরির একটি সর্বনিম্ন সীমা এবং শিল্পের আর্থিক সক্ষমতা বিবেচনায় সর্বোচ্চ সীমা নির্ধারণ করা যেতে পারে। এতে চাপ সৃষ্টি বা পাল্টাপাল্টি দাবির পরিবর্তে তথ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারিত সীমার মধ্যে শ্রমিক ও মালিকপক্ষের দর-কষাকষির সুযোগ তৈরি হবে।
মজুরি নির্ধারণের পদ্ধতিতে বাংলাদেশের সঙ্গে কম্বোডিয়ার পার্থক্যও তুলে ধরেছে সিপিডি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কম্বোডিয়ায় নির্দিষ্ট সময়সূচি মেনে প্রতিবছর ন্যূনতম মজুরি পর্যালোচনা করা হয়। এ ক্ষেত্রে সরকারি তথ্যভান্ডার এবং আইনে নির্ধারিত সাতটি মানদণ্ড অনুসরণ করা হয়। দেশটির ৫১ সদস্যের ন্যাশনাল কাউন্সিল অন মিনিমাম ওয়েজে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের সমান প্রতিনিধিত্ব রয়েছে।
অন্যদিকে বাংলাদেশে সাধারণত প্রতি তিন বছর অন্তর মজুরি পর্যালোচনা করা হয়। এ প্রক্রিয়ায় সহায়ক কোনো স্বতন্ত্র জরিপ নেই। ফলে মজুরি বোর্ডকে মূলত শ্রমিকদের দাবি ও মালিকদের প্রস্তাবের মধ্যে সমঝোতা তৈরির ওপর নির্ভর করতে হয়।
বর্তমান ব্যবস্থার পরিবর্তনে কয়েকটি সুপারিশ করেছে সিপিডি। এর মধ্যে রয়েছে, মজুরি পুনর্নির্ধারণের নির্ধারিত সময়ের অন্তত ছয় মাস আগে বোর্ড গঠন, দুই দফা মজুরি পুনর্নির্ধারণের মধ্যবর্তী সময়ে প্রতিবছর পর্যালোচনার জন্য স্থায়ী মজুরি কমিশন প্রতিষ্ঠা এবং শ্রম আইনের ১১টি বিষয়ের প্রতিটির জন্য পরিমাপযোগ্য সূচক তৈরি।
এ ছাড়া মজুরি প্রস্তাবের পেছনে ব্যবহৃত তথ্য ও পদ্ধতি জনসমক্ষে প্রকাশ, মজুরি আলোচনায় আন্তর্জাতিক ক্রেতাদের সম্পৃক্ত করা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত মজুরি নিরীক্ষা চালুর সুপারিশ করেছে গবেষণাপ্রতিষ্ঠানটি।
সিপিডি মজুরি কাঠামো বাস্তবায়নের বিষয়টিতেও গুরুত্ব দিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, নির্ধারিত মজুরি শ্রমিকদের হাতে যথাযথভাবে পৌঁছানো নিশ্চিত করা না গেলে নতুন মজুরি কাঠামো থেকে বাস্তবে সুফল পাওয়া সম্ভব হবে না।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।