ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১
সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে কথা-কাটাকাটির জেরে মাথায় ইট দিয়ে আঘাত করেন অভিযুক্ত এনামুল হক মিরাজ।
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ১১:১২:৩৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ১১:১৩:০৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪১ বার পঠিত
ছবি : প্রতিনিধি
ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকায় সাবেক স্বামীর ইটের আঘাতে সুমাইয়া খাতুন সুমা (২৬) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের বাবুর আলীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মিরাজকে আটক করেছে পুলিশ।
নিহত সুমাইয়া খাতুন ওই এলাকার সেকেন্দার শেখের মেয়ে।
নিহতের ভাই রাতুল হোসেন জানান, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে এনামুল হক মিরাজের সঙ্গে সুমার বিয়ে হয়। তাদের সংসারে ফারহান নামে ছয় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তবে দাম্পত্য কলহের জেরে প্রায় চার বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পরও মিরাজ তাদের এলাকায় যাতায়াত করতেন।
পরিবারের অভিযোগ, বুধবার সকালে সুমা সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে সাবেক স্বামী মিরাজের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিরাজ ইট দিয়ে সুমার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।