ইউপি নির্বাচন শুরু হলেই স্বাভাবিক হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি: সিইসি
রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় সুষ্ঠু ভোটের প্রত্যাশা নাসির উদ্দিনের, এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধের নির্দেশনা
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০২:৫৫:০২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০২:৫৫:০২ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৬৪ বার পঠিত
ছবি: সংগৃহীত
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচনী কার্যক্রম শুরু হলে রাজনৈতিক দল ও সাধারণ মানুষ ভোটকেন্দ্রিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সবার সহযোগিতা চায়।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব বলে তিনি মনে করেন।
এর আগে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানির অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, প্রতিদিন তাঁর কাছে স্বাক্ষরের জন্য আসা আবেদনগুলোর মধ্যে ছয়-সাতটি থাকে জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত। এসব আবেদনের মধ্যে কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। গণমাধ্যমে এনআইডি সেবা নিয়ে হয়রানির খবর প্রকাশিত হলে তিনি বিব্রত বোধ করেন।
এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নাগরিকদের এমন একটি সেবা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যেখানে কাউকে অযথা ভোগান্তিতে পড়তে হবে না। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে কার্যকর পরামর্শও চান তিনি।
আবেদন গ্রহণের পর দ্রুত নাগরিকদের অবহিত করার নির্দেশনা দিয়ে সিইসি বলেন, কোনো আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা পাঠিয়ে তা গ্রহণ ও প্রক্রিয়াধীন থাকার বিষয়টি জানাতে হবে। আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানানো উচিত। পাশাপাশি প্রতিটি আবেদনের বিপরীতে মেমো বা সিরিয়াল নম্বর দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে আবেদনকারী পরবর্তী সময়ে নিজের আবেদনের অগ্রগতি জানতে পারেন।
এনআইডি-সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদে ভুল থাকার মতো বিষয় সামনে এনে দায়িত্ব এড়িয়ে গেলে নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন সিইসি। তাঁর ভাষায়, ‘ব্লেম গেম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারবো না।’
নাগরিকদের ডিজিটাল সক্ষমতার পার্থক্য বিবেচনায় নিয়ে সেবা কার্যক্রম সাজানোর ওপরও গুরুত্ব দেন তিনি। বিশেষ করে গ্রামের বয়স্ক ব্যক্তিদের জন্য অনলাইনে আবেদন করা বা এনআইডি ডাউনলোড করা কঠিন হতে পারে। তাই তাঁদের প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
এ জন্য নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়ে সিইসি বলেন, এনআইডির জন্য আবেদনের ক্ষেত্রে কী কী কাগজপত্র প্রয়োজন এবং কীভাবে সঠিকভাবে আবেদন করতে হয়, সে বিষয়ে নিয়মিত প্রচার-প্রচারণা চালানো দরকার।
জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এনআইডি শুধু একটি সাধারণ কার্ড নয়, এটি নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে পরিবারের সদস্যরা সরকারি সুবিধা হারানোর আশঙ্কায় অনেক সময় মৃত্যুর তথ্য জানাতে চান না। এ ধরনের সমস্যারও কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে।
স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প ব্যবস্থা গ্রহণের বিষয়েও সংশ্লিষ্টদের পরামর্শ চান সিইসি। তিনি বলেন, সবাইকে স্মার্ট কার্ড দেওয়া সম্ভব না হলেও শুধু অনলাইন থেকে ডাউনলোড করে নিতে বললে হবে না। কারণ গ্রামের অনেক মানুষ ডাউনলোডের প্রক্রিয়াই বোঝেন না। তাঁদের কাছে প্রয়োজনীয় কার্ড বা নথি পৌঁছে দেওয়ার বিকল্প উপায় খুঁজতে হবে।
এনআইডি সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দায়িত্ব ও সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরেন তিনি। সিইসি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না। তবে এনআইডি প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় ন্যূনতম কাগজপত্র নির্ধারণ করতে হবে, যাতে নাগরিকদের অযথা হয়রানির শিকার হতে না হয়।
নাগরিকদের ভোগান্তিমুক্ত এনআইডি সেবা নিশ্চিত করাই নির্বাচন কমিশনের লক্ষ্য উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ। সমস্যা সমাধানে তিনি কার্যকর প্রস্তাব প্রত্যাশা করেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।