রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পূর্ণ সক্ষমতায় যেতে লাগবে আরও কয়েক মাস
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো প্রথম ইউনিটের বিদ্যুৎ, চলছে কারিগরি পরীক্ষা
- আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৪:৫৪:৩৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৪:৫৪:৩৯ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৬৩ বার পঠিত
ছবি সংগৃহিত
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, ফার্স্ট গ্রিড কানেকশনের আওতায় প্রাথমিকভাবে উৎপাদিত বিদ্যুৎ ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর ও জাতীয় গ্রিডের সমন্বিত কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযোগ স্থাপন করে পরীক্ষা চালানো হবে।
পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নিতে হবে। এরপর শুরু হবে ট্রায়াল অপারেশন। চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষ হলে স্থায়ীভাবে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, গত অক্টোবরে রিয়্যাক্টরে পারমাণবিক বিভাজন বিক্রিয়া শুরু হওয়ার পর তা সফলভাবে পরিচালিত হয়েছে। ধারাবাহিক পরীক্ষা শেষে প্রথম ইউনিট স্টেজ-সি কার্যক্রমের অনুমোদন পায়। এ পর্যায়ে জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থার বিভিন্ন অংশের কার্যকারিতা যাচাই করা হয়।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, মঙ্গলবার বিকেলে গ্রিড সিনক্রোনাইজেশনের পরীক্ষা শুরু হয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের সঙ্গে সঞ্চালনব্যবস্থার সামঞ্জস্য ও স্থিতিশীলতা যাচাই করা হচ্ছে। তবে গ্রিডে সংযোগ স্থাপন মানেই বাণিজ্যিক উৎপাদন শুরু নয়।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন শেষে প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা শতভাগে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। উভয় ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।