অপরিণত নবজাতকের চোখ পরীক্ষা কেন জরুরি
সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি বা আরওপি হওয়ার ঝুঁকি থাকে। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা না করালে শিশুর দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
- আপলোড সময় : ১৭-১১-২০২৬ ১০:৪৩:২৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৬ ১০:৪৩:২৫ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৩ বার পঠিত
ছবি—সংগৃহীত
আজ ১৭ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস। মাতৃগর্ভে ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম নেওয়া শিশুদের অপরিণত বা প্রিম্যাচিউর শিশু বলা হয়। মায়ের অপুষ্টি, কিশোরী বয়সে মাতৃত্ব এবং দীর্ঘস্থায়ী রোগসহ বিভিন্ন কারণে অপরিণত শিশুর জন্ম হতে পারে। আধুনিক চিকিৎসাব্যবস্থার উন্নতির ফলে এখন অনেক অপরিণত নবজাতককে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে। তবে এসব শিশুর ক্ষেত্রে পরবর্তী সময়ে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।
সময়ের আগে জন্ম নেওয়া নবজাতকদের শ্বাসকষ্ট, জন্ডিস ও রক্তে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। অনেক শিশুকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রেখে চিকিৎসা দিতে হয়। বেঁচে যাওয়া শিশুদের মধ্যেও পরবর্তী সময়ে নানা জটিলতা দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম হলো চোখের রেটিনার সমস্যা বা রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি (আরওপি)।
আরওপি রেটিনার একটি জটিল রোগ। এ রোগে চোখের রেটিনার রক্তনালির অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। এর ফলে রেটিনা ক্ষতিগ্রস্ত বা বিচ্ছিন্ন হতে পারে এবং শিশুর দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
সাধারণত ৩৫ সপ্তাহের আগে জন্ম নেওয়া শিশুদের এ রোগের ঝুঁকি বেশি। যেসব নবজাতকের জন্মকালীন ওজন ২ হাজার গ্রামের কম, তাদেরও বিশেষ সতর্কতা প্রয়োজন। এ ছাড়া নবজাতক ইউনিটে দীর্ঘদিন বেশি মাত্রায় অক্সিজেন গ্রহণ, রক্তে সংক্রমণ, অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং বারবার রক্ত সঞ্চালনের প্রয়োজন হলে আরওপির ঝুঁকি বাড়তে পারে। জন্মের পর শ্বাসকষ্ট বা অক্সিজেনস্বল্পতায় ভোগা শিশুদের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।
আরওপি প্রতিরোধযোগ্য এবং সময়মতো শনাক্ত করে চিকিৎসা দিলে শিশুর দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব। তবে চিকিৎসা না করালে শিশুকে সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করতে হতে পারে। এ রোগের লক্ষণ সাধারণত বাইরে থেকে বোঝা যায় না। তাই বিশেষ যন্ত্রের সাহায্যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চোখ পরীক্ষা করানো জরুরি।
অপরিণত বা কম ওজনের নবজাতক হাসপাতালে ভর্তি হলে প্রয়োজন অনুযায়ী বিশেষ চিকিৎসা দিতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত অক্সিজেন দেওয়া, অকারণে অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং প্রয়োজন ছাড়া রক্ত সঞ্চালন থেকে বিরত থাকতে হবে। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময় শিশুর অভিভাবকদের চোখ পরীক্ষার গুরুত্ব জানানো প্রয়োজন। জন্মের ২০ থেকে ৩০ দিনের মধ্যে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
অপরিণত নবজাতকের মা-বাবাকে আরওপি সম্পর্কে সচেতন থাকতে হবে। অনেক ক্ষেত্রে শিশু সুস্থ হয়ে উঠলে অভিভাবকেরা তাকে বাড়িতে নিয়ে যান এবং পরবর্তী সময়ে আর চিকিৎসকের কাছে আসেন না। ফলে রোগটি সময়মতো শনাক্ত হয় না এবং শিশুর স্থায়ী দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি তৈরি হয়। তাই অপরিণত শিশুর জন্ম হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত সময়ে চোখ পরীক্ষা ও নিয়মিত ফলোআপ নিশ্চিত করা জরুরি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।