ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক

পরবর্তী সংঘাতের প্রস্তুতিতে ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

সামরিক গোয়েন্দা উপগ্রহের মাধ্যমে ইরানকে ভূ-স্থানিক ও সংকেতসংক্রান্ত তথ্য দিচ্ছে মস্কো, এমন দাবি করেছেন এক গবেষক। এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা জটিল হয়ে উঠতে পারে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ১০:৩৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ১০:৩৭:৫৯ অপরাহ্ন
  • ৫ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
পরবর্তী সংঘাতের প্রস্তুতিতে ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া ছবি—সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কার মধ্যে ইরানকে সামরিক গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। রুশ সামরিক গোয়েন্দা উপগ্রহের মাধ্যমে ইরান অঞ্চলটির সামরিক স্থাপনা, অবকাঠামো এবং যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে বলে দাবি করেছেন এক গবেষক। তাঁর মতে, এই সক্ষমতা ইরানকে পরবর্তী দফার সংঘাতের জন্য প্রস্তুত হতে সহায়তা করছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকে জটিল করে তুলছে।


চলতি সপ্তাহে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের উত্তেজনা কমার বিষয়ে কিছুটা আশাবাদ দেখা গেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি সমাবেশের পর নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে তৎপরতা বাড়িয়েছে।


আপাতত নতুন করে হামলা চালানো থেকে বিরত রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আগাম আভাস পাওয়ার পাশাপাশি নিখুঁতভাবে পাল্টা আঘাত হানার সক্ষমতা ইরানের রয়েছে। রাশিয়ার সামরিক মানের ভূ-স্থানিক ও সংকেতসংক্রান্ত গোয়েন্দা তথ্য এই সক্ষমতা তৈরিতে ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।


গবেষকের প্রতিষ্ঠিত ‘প্রজেক্ট অরোরা’ গত আট মাস ধরে রাশিয়ার গোয়েন্দা উপগ্রহগুলোর গতিপথ পর্যবেক্ষণ করছে। এ প্রকল্পে কসমস-২৬০০ সিরিজের অন্তত ২০টি রুশ মহাকাশযান শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৮টির গতিবিধি অনুসরণ করা সম্ভব হয়েছে।

গবেষকের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব উপগ্রহের মধ্যে রাশিয়ার নতুন ও সহজে অবস্থান পরিবর্তনে সক্ষম সামরিক গোয়েন্দা উপগ্রহ রয়েছে। এগুলো সামরিক স্থাপনা ও ভূখণ্ডের মানচিত্রভিত্তিক তথ্য সংগ্রহের পাশাপাশি অপটিক্যাল ছবি, রাডার পর্যবেক্ষণ এবং সংকেতসংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে। এর মধ্যে রাডার, রেডিও ফ্রিকোয়েন্সি ও সামরিক যোগাযোগের কার্যক্রমও রয়েছে।


পর্যবেক্ষণ করা উপগ্রহগুলো সিরিয়া, লেবানন, ইসরাইল, জর্ডান, সৌদি আরব, ইরাক ও ইরানসহ মধ্যপ্রাচ্যের বিস্তৃত এলাকা অতিক্রম করে। এ ছাড়া বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালিও তাদের পর্যবেক্ষণের আওতায় রয়েছে। উপগ্রহগুলো প্রায় প্রতি ৯৫ মিনিটে একবার পৃথিবী প্রদক্ষিণ করে। কক্ষপথ ও অবস্থানের ওপর নির্ভর করে প্রতিদিন সংশ্লিষ্ট অঞ্চলগুলোর ওপর তিন থেকে চারবার অতিক্রম করে।

গবেষকের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি উপগ্রহের অবস্থান এমনভাবে পরিবর্তন করা হয়েছে, যাতে সেগুলো সরাসরি বা প্রায় সরাসরি ওই অঞ্চলের সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুর ওপর দিয়ে অতিক্রম করতে পারে। পুরো উপগ্রহ বহর পুনর্বিন্যাস না করে নির্দিষ্ট কিছু মহাকাশযানের অবস্থান পরিবর্তন করা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের সময় ও মান উন্নত হওয়ার কথা।


তাঁর পর্যবেক্ষণে দেখা গেছে, রুশ উপগ্রহগুলো কোনো লক্ষ্যবস্তুতে হামলার আগে এবং হামলার পরও একই লক্ষ্যবস্তুর ওপর দিয়ে অতিক্রম করেছে। এর মাধ্যমে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা মূল্যায়ন করা হয়ে থাকতে পারে। ইরানের হামলার আগেও ও পরেও একই ধরনের কার্যক্রম দেখা গেছে।

গবেষকের মতে, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের সামরিক এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে ইরানের নিখুঁত হামলা চালানোর পেছনে রাশিয়ার সরবরাহ করা ভূ-স্থানিক গোয়েন্দা তথ্য ভূমিকা রেখেছে। এসব তথ্য ইরানের সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু শনাক্ত ও হামলার পরিকল্পনা তৈরিতে সহায়তা করতে পারে।

এই গোয়েন্দা সক্ষমতা শুধু লক্ষ্যবস্তু নির্ধারণেই নয়, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি সমাবেশ পর্যবেক্ষণেও ব্যবহার করা সম্ভব। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এক স্থান থেকে অন্য স্থানে সরানো, নৌবাহিনীর অবস্থান পরিবর্তন এবং সামরিক অবকাঠামো শক্তিশালী করার মতো তৎপরতার তথ্য রুশ উপগ্রহের মাধ্যমে সংগ্রহ করা যেতে পারে।


এ ছাড়া সামরিক যোগাযোগের মাত্রা, যোগাযোগের উৎস, তৎপরতা বৃদ্ধির সময় এবং যোগাযোগের ধরনেও পরিবর্তন পর্যবেক্ষণ করা সম্ভব। কিছু গোয়েন্দা উপগ্রহ সামরিক যোগাযোগের কথোপকথনও শুনতে সক্ষম হতে পারে, যদিও সব বার্তা আটকানোর সক্ষমতা তাদের রয়েছে কি না, তা নিশ্চিত নয়।

সংগৃহীত গোয়েন্দা তথ্য ইরানের গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হতে পারে। এর মাধ্যমে ইরানি নেতারা নিজেদের সামরিক বাহিনীকে সুরক্ষিত রাখা, কমান্ড ব্যবস্থা সচল রাখা এবং যুদ্ধ শুরুর আগেই পাল্টা জবাবের প্রস্তুতি নিতে পারেন। ফলে ইরানের হাতে এমন তথ্য থাকলে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা আরও জটিল হয়ে উঠবে।

রাশিয়ার সহায়তা ইরানকে দূরবর্তী স্থান থেকে আসা হামলার আগাম সতর্কবার্তা পাওয়ার সুযোগও দিতে পারে। ২০২৫ সালের জুনে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ চলাকালে বি-২ স্পিরিট বোমারু বিমান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে উড়ে গিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ভবিষ্যতে এ ধরনের হামলার প্রাথমিক লক্ষণ শনাক্ত করতেও ইরান রুশ উপগ্রহের সক্ষমতা কাজে লাগাতে পারে বলে মনে করা হচ্ছে।


পাশাপাশি রাশিয়ার গোয়েন্দা তথ্য ইরানকে পাল্টা হামলার প্রস্তুতি নিতেও সহায়তা করতে পারে। ইরানি নেতাদের হুঁশিয়ারি অনুযায়ী, সম্ভাব্য পাল্টা হামলার লক্ষ্যবস্তু হিসেবে শোধনাগার, তেল রপ্তানি টার্মিনাল, পানি লবণমুক্তকরণ কেন্দ্র ও বিদ্যুৎকেন্দ্রও ঝুঁকিতে রয়েছে।

এ ধরনের হামলায় বেসামরিক মানুষের পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের তেল রপ্তানি অবকাঠামো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রতিবেশী আরব উপসাগরীয় দেশগুলোও এ ধরনের সংঘাতের পরিণতির মুখে পড়তে পারে।

রাশিয়ার জন্যও এই গোয়েন্দা সহায়তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সরাসরি সংঘাতে অংশ না নিয়েও গোয়েন্দা তথ্য সরবরাহের সুযোগ নিয়ন্ত্রণের মাধ্যমে মস্কো ইরানের সামরিক সক্ষমতার ওপর প্রভাব বজায় রাখতে পারে। প্রয়োজন অনুযায়ী তেহরানের সক্ষমতা বাড়ানো কিংবা সীমিত রাখার সুযোগও তাদের হাতে থাকতে পারে।


এই পরিস্থিতি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার ধরনেও পরিবর্তন আনতে পারে। মার্কিন সেনাবাহিনীকে এখন ধরে নিতে হবে, তাদের বড় ধরনের সেনা চলাচল, সামরিক শক্তি সমাবেশ এবং ইলেকট্রনিক যোগাযোগ পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব তথ্য দ্রুত প্রতিপক্ষের কাছে পৌঁছে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে আকস্মিক হামলার সুযোগ কমে যেতে পারে। সামরিক শক্তি ছড়িয়ে রাখা, যোগাযোগের মাধ্যমে তথ্য ফাঁস নিয়ন্ত্রণ এবং দ্রুত অবস্থান পরিবর্তনের প্রয়োজনীয়তা বাড়বে।

মহাকাশে রাশিয়ার সামরিক তৎপরতা নিয়েও উদ্বেগ রয়েছে। গত মাসে রাশিয়ার কোসমস সিরিজের একটি উপগ্রহ ফিনল্যান্ডের একটি বাণিজ্যিক উপগ্রহের কাছাকাছি চলে গিয়েছিল। গবেষকের মতে, এটি সম্ভাব্য হামলার মহড়া হতে পারে। ঘটনাটি ইঙ্গিত দেয়, স্থলভাগের সংঘাত ভবিষ্যতে মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে। এতে বেসামরিক ও সামরিক উপগ্রহ অবকাঠামো বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হবে। ফলে বর্তমান ও ভবিষ্যতের যুদ্ধগুলোতে মহাকাশও সংঘাতের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।