সত্যিই কি যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার সক্ষমতা আছে ইরানের?
মার্কিন গোয়েন্দাদের দাবি ঘিরে উদ্বেগ, হামলার সিদ্ধান্ত ও বাস্তব সক্ষমতা নিয়ে রয়েছে অনিশ্চয়তা
- আপলোড সময় : ১৭-১১-২০২৬ ১০:১৯:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৬ ১০:১৯:১১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৪ বার পঠিত
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান- এমন একটি গোয়েন্দা প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা।
তার মতে, ইরান এমন কিছু করার কথা বিবেচনা করতে পারে, তবে হামলা চালানোর সক্ষমতা অর্জন থেকে দেশটি এখনও অনেক দূরে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা তৈরি করছে তেহরান।
তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে পরিচয় প্রকাশ না করার শর্তে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ওই মার্কিন কর্মকর্তা প্রতিবেদনটির প্রকাশের সময় নিয়ে সংশয় প্রকাশ করেন।
তার বক্তব্য, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের ওয়াশিংটন সফরের কয়েক দিন পরই প্রতিবেদনটি সামনে এসেছে, যা বিবেচনায় নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, ‘ইরান এমন কিছু করার কথা বিবেচনা করতে পারে, কিন্তু তা বাস্তবায়নের সক্ষমতা অর্জন থেকে তারা অনেক দূরে।’
এ ধরনের হামলার পাল্টা জবাব যে ভয়াবহ হবে, শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্য দেশগুলোর কাছ থেকেও প্রতিক্রিয়া আসতে পারে- তেহরান তা জানে বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক এই কর্মকর্তা আরও বলেন, কথিত গোয়েন্দা তথ্যের বিষয়টি ২০ বছরেরও বেশি আগে ইরাকে হামলার ক্ষেত্র তৈরির জন্য যেভাবে তথ্য প্রচার করা হয়েছিল, সেই ধারার কথা মনে করিয়ে দেয়।
তার ভাষায়, ‘এ ধরনের গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে মানুষের সংশয় রয়েছে, এবং যথার্থ কারণেই রয়েছে। এ ধরনের কথাবার্তা গোয়েন্দা সংস্থাগুলোর নজরে প্রায়ই আসে। তবে তথ্য ফাঁসের সময়টিও বিবেচনা করা উচিত।’
এদিকে, মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনার অভিযোগ নাকচ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন।
হোয়াইট হাউসের এক মুখপাত্রও আল-জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার বিষয়ে ‘বিশ্বাসযোগ্য কোনও হুমকি নেই’।
মঙ্গলবার ম্যানিলা সফরকালে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদি এমন কিছু ঘটে, তবে তাদের এমন মূল্য দিতে হবে, যা ইতিহাসে আর কোনও দেশকে দিতে হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করি, এমন কিছু ঘটবে না। তবে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। কারণ, তারা পাগলাটে আচরণ করে। এ কারণেই তাদের পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যায় না।’
ডার্টি বোমা হলো এমন এক ধরনের প্রচলিত বিস্ফোরক, যার সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়ার উপাদান যুক্ত থাকে। এটি পারমাণবিক বোমা নয়; তবে বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে আতঙ্ক ও জনস্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।