ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক

নেতানিয়াহুর সঙ্গে জোট নয়, সরকার গড়তে চান আইজেনকোট

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর সঙ্গে সমঝোতার পথ বন্ধ করে আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন আইজেনকোট।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০১:৫০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০১:৫০:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
নেতানিয়াহুর সঙ্গে জোট নয়, সরকার গড়তে চান আইজেনকোট ছবি সংগৃহীত


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে নির্বাচনে হস্তক্ষেপের তথ্য ফাঁস হওয়ার পর তাঁর দল লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। এদিকে আরব দলগুলোর সমর্থন নিয়ে নতুন সরকার গঠনের পথও তৈরি হয়েছে তাঁর সামনে।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কানকে সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোটের একাধিক সূত্র। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।


‘চেঞ্জ’ জোটের কয়েকজন নেতা নেতানিয়াহুর কার্যালয় থেকে নির্বাচনে হস্তক্ষেপের ঘটনাকে ‘অভ্যুত্থানের প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তাঁরা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান ডেভিড জিনি এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানকে অপসারণের দাবি জানিয়েছেন।

বর্তমানে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের উদ্যোগ নিচ্ছেন আইজেনকোট। তাঁর জোটে নাফতালি বেনেট, ইয়ার গোলান ও আভিগদোর লিবারম্যানের নেতৃত্বাধীন দলগুলোও রয়েছে।


কানের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের শপথ গ্রহণ অনুষ্ঠানে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর আক্রমণাত্মক বক্তব্যের পর থেকেই তাঁর সঙ্গে সমঝোতার সম্ভাবনা দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া ইরান ইস্যুতে আলোচনার জন্য মোসাদপ্রধান রোমান গোফম্যানের যুক্তরাষ্ট্র সফর নিয়েও আইজেনকোটের অসন্তোষ রয়েছে।

মাধ্যমটির তথ্য অনুযায়ী, গোফম্যানের ওই সফরের কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহুর সঙ্গে আইজেনকোটের বৈঠক হয়েছিল। তবে সফরের বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি।


নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের পেছনে রয়েছে গত ২৭ অক্টোবরের একটি ঘটনা। চ্যানেল ১২-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরবরাহ করা তথ্যের ভিত্তিতে নির্বাচনের দিন ইসরায়েলি মুসলিম রাজনৈতিক দল রা’আম পার্টির কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

তদন্তে জানা যায়, গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা তথ্যের উৎস কতটা নির্ভরযোগ্য, তা যাচাই করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পুলিশ সেই পরামর্শ উপেক্ষা করে পদক্ষেপ নেয়। পরে জানা যায়, তথ্যটির উৎস ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন সাবেক সহকারী।


চ্যানেল ১২ আরও জানিয়েছে, বিদেশি হস্তক্ষেপের আশঙ্কার কথা উল্লেখ করে শিন বেটপ্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন। তবে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা সেই আবেদন প্রত্যাখ্যান করেন।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের ২৬তম নেসেট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নেতানিয়াহুর উগ্র ডানপন্থি জোটের আসন কমে যায়। অন্যদিকে গাদি আইজেনকোটের জোট ও আরব দলগুলোর জোট সম্মিলিতভাবে ১২০টি আসনের মধ্যে ৬৭টি আসন পায়।


এই সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের সুযোগ রয়েছে আইজেনকোটের সামনে। নির্বাচনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।

সরকার গঠনের জন্য আইজেনকোট দেড় মাস সময় পাবেন। এই সময়ের মধ্যে তিনি সরকার গঠনে ব্যর্থ হলে পরবর্তী সুযোগ পাবেন নেতানিয়াহু।


এদিকে আরব দলগুলো জানিয়েছে, নেতানিয়াহু ও তাঁর উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন-গভিরকে ক্ষমতা থেকে সরাতে তারা আইজেনকোটের জোটকে সমর্থন দিতে প্রস্তুত।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।