এশিয়া সফরের শুরুতেই কোয়াড বৈঠকে বসছেন ট্রাম্প
ফিলিপাইনে যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার নেতাদের বৈঠক; আলোচনায় সামুদ্রিক নিরাপত্তা, এআই ও বাণিজ্য
- আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৩:৫৫:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৩:৫৫:৫৪ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৩৭ বার পঠিত
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর শুরু হচ্ছে ফিলিপাইনে কোয়াড নেতাদের বৈঠকের মধ্য দিয়ে। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁর ফিলিপাইনে পৌঁছানোর কথা রয়েছে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনের শেষ পর্যায়ে এ সফরে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের নেতাদের অংশগ্রহণে দুই বছরের মধ্যে প্রথম কোয়াড বৈঠক অনুষ্ঠিত হবে। তবে ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় বিক্ষোভের আশঙ্কাও রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সফরের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) ফোরামে অংশগ্রহণ। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একটি বহুল আলোচিত ত্রিপক্ষীয় বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়, গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপে চীনের প্রবেশাধিকার সীমিত করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মধ্যেই ট্রাম্পের এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এসব বিষয় দুই দেশের মধ্যে চলমান ভঙ্গুর বাণিজ্যিক সমঝোতায় নতুন জটিলতা তৈরি করতে পারে।
ম্যানিলায় ট্রাম্পের সফরকে কেন্দ্র করে বিক্ষোভের প্রস্তুতির খবর পাওয়া গেছে। এর আগে কয়েক দিনের বিক্ষোভে তাঁর কুশপুত্তলিকা পোড়ানো হয়। বিক্ষোভকারীরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্যাক্স সিলিকা সরবরাহ শৃঙ্খল উদ্যোগ বাতিলের দাবিও জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে গঠিত কোয়াডের এটি দুই বছরের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক এবং ট্রাম্পের প্রথম অংশগ্রহণ। তাঁর পূর্বসূরি জো বাইডেন কোয়াডকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করতেন। এবারের বৈঠকটি এপেক সম্মেলনের আগে অনুষ্ঠিত হচ্ছে। এপেকের আয়োজক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অতীতে কোয়াডের সমালোচনা করে এটিকে বেইজিংকে ঘিরে ফেলার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। তবে জোটটির সদস্য দেশগুলোর দাবি, কোয়াড কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত নয়।
সোমবার আসিয়ানের শীর্ষ সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বৈশ্বিক বাণিজ্যিক বিধিনিষেধের মধ্যেও চীন ও আসিয়ানের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি মুক্ত বাণিজ্যের প্রতি বেইজিংয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি ঐক্য বজায় রাখা, বাইরের হস্তক্ষেপ প্রতিরোধ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
চীন বর্তমানে আসিয়ানের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। তবে ১১ সদস্যের এ জোটের বড় অর্থনীতিগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। জোটটির সদস্য দেশগুলোর সম্মিলিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ ৩ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের বেশি।
যুক্তরাষ্ট্রের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল কোয়াডের বৈঠক পুনরায় আয়োজনের উদ্যোগের জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কৃতিত্ব দিয়েছেন। তাঁর মতে, ট্রাম্প প্রশাসনের সময়ে জোটটির কার্যক্রম ও উচ্চাকাঙ্ক্ষা কিছুটা কমে গিয়েছিল। দ্য এশিয়া গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ক্যাম্পবেল বলেন, যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া ত্রিপক্ষীয় বৈঠকের আগে কোয়াডের এ বৈঠক একটি ইতিবাচক বার্তা দেওয়ার সুযোগ তৈরি করছে।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস শুক্রবার বলেন, ট্রাম্পের নেতৃত্বে কোয়াড আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর অংশীদারত্ব হিসেবে কাজ করছে। তাঁর ভাষ্য, জোটটি একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠায় নতুন সুযোগ তৈরি করছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আশা প্রকাশ করেছেন, কোয়াড নেতারা বৈঠকের মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্যের বার্তা দেবেন। বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, রপ্তানি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহব্যবস্থায় বৈচিত্র্য আনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া সাবমেরিন ক্যাবল, উদীয়মান প্রযুক্তি ও দুর্যোগ মোকাবিলায় সহযোগিতার বিষয়ও আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।