বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই নিয়োগের প্রস্তুতি, কবে প্রকাশ হবে বিজ্ঞপ্তি
চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় নিয়োগ প্রস্তাব, এসআই পদে প্রারম্ভিক মূল বেতন ৩২ হাজার টাকা
- আপলোড সময় : ১৭-১১-২০২৬ ১০:৪৭:২১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৬ ১০:৪৭:২১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৮৭ বার পঠিত
ছবি—সংগৃহীত
বাংলাদেশ পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে অনুমোদন পাওয়া গেলেই আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রক্রিয়া ও বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।
এর আগে গত ২৯ অক্টোবর সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এসআই পদে ৪ হাজার এবং কনস্টেবল পদে ১০ হাজারসহ মোট ১৪ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়। প্রথমবারের মতো পুরো ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগ দিতে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। আগে এসআই পদের ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতি এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হতো। এবার বিশেষ প্রয়োজনে শতভাগ পদে সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়োগের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা প্রথম আলোকে বলেন, সরাসরি ৪ হাজার এসআই নিয়োগের প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রক্রিয়া ও বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে।
জাতীয় বেতন স্কেল অনুযায়ী, এসআই পদটি দশম গ্রেডের অন্তর্ভুক্ত। এ পদে যোগদানের সময় প্রারম্ভিক মূল বেতন ৩২ হাজার টাকা। সর্বোচ্চ মূল বেতন ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাঠপর্যায়ে পুলিশের জনবল ও সক্ষমতা বাড়াতে জরুরি ভিত্তিতে এই নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় পাস হয়।
নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীদের মেধা, শারীরিক সক্ষমতা ও যোগ্যতার পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতেও নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর নিয়োগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।