পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, বিজ্ঞপ্তি কবে?
চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় চার হাজার এসআই নিয়োগের প্রস্তাব। জেনে নিন নিয়োগের অগ্রগতি, বেতন ও সুযোগ-সুবিধা।
- আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০১:৫২:১৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০১:৫২:১৭ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৯২ বার পঠিত
ছবি সংগৃহীত
বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো সরাসরি চার হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত ২৯ অক্টোবর সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এসআই পদে চার হাজার এবং কনস্টেবল পদে ১০ হাজারসহ মোট ১৪ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়। এর মধ্যে চার হাজার এসআই সরাসরি নিয়োগের জন্য পুলিশ প্রবিধি (পিআরবি) সংশোধন করা হয়েছে।
আগে এসআই পদের অর্ধেক বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হতো। তবে বিশেষ প্রয়োজনে এবার চার হাজার পদেই সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা প্রথম আলোকে জানিয়েছেন, চার হাজার এসআই সরাসরি নিয়োগের প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে। অনুমোদন পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে নিয়োগপ্রক্রিয়া ও বিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাঠপর্যায়ে পুলিশের জনবল ও সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় পাস হয়।
নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, মেধা, শারীরিক সক্ষমতা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এসআই পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এরপর দৌড় ও শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হয়। পরবর্তী ধাপে থাকে লিখিত পরীক্ষা ও কম্পিউটার দক্ষতা যাচাই। সবশেষে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করে পুলিশ সদর দপ্তর।
পুলিশের মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ পদগুলোর একটি হলো সাব-ইন্সপেক্টর বা এসআই। থানায় সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ এবং ফৌজদারি মামলার তদন্ত করা তাঁদের অন্যতম দায়িত্ব। পাশাপাশি অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, আসামি গ্রেপ্তার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কাজেও তাঁরা সরাসরি যুক্ত থাকেন।
জাতীয় বেতন স্কেল অনুযায়ী, এসআই পদটি দশম গ্রেডের অন্তর্ভুক্ত। এ পদে যোগদানের সময় প্রারম্ভিক মূল বেতন ৩২ হাজার টাকা। সর্বোচ্চ মূল বেতন ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত হতে পারে।
মূল বেতনের পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী এসআইরা বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছে এলাকাভেদে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ঝুঁকি ভাতা, উৎসব ভাতা, টিফিন ও যাতায়াত ভাতা। এ ছাড়া সরকারি খরচে বিনা মূল্যে পোশাক, নিজের ও পরিবারের জন্য স্বল্পমূল্যে রেশন এবং উন্নত চিকিৎসাসেবার সুবিধা রয়েছে। প্রশিক্ষণকালেও নির্ধারিত ভাতা ও আবাসনের ব্যবস্থা থাকে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরবর্তী সময়ে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) এবং আরও উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট ও জাতীয় দৈনিকগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্ভাব্য প্রার্থীদের এখন থেকেই শারীরিক সক্ষমতা, লিখিত পরীক্ষা ও কম্পিউটার দক্ষতার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।