ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

গ্যাসের অভাবে বুটেক্সের হলগুলোতে রান্না ব্যাহত, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় লাকড়ি ও এলপিজি সিলিন্ডারে চলছে রান্না, সময়মতো খাবার না পেয়ে ক্লাস ও দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ১১:০৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ১১:০৫:২৭ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
গ্যাসের অভাবে বুটেক্সের হলগুলোতে রান্না ব্যাহত, ভোগান্তিতে শিক্ষার্থীরা ছবি : প্রতিনিধি

জ্বালানি ও গ্যাস সংকটের প্রভাব পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। এর ধারাবাহিকতায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আবাসিক হলগুলোর ক্যান্টিন ও ডাইনিংয়েও তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় বিকল্প হিসেবে ব্যবহার করতে হচ্ছে লাকড়ি ও এলপিজি সিলিন্ডার। এতে খাবার প্রস্তুত ও পরিবেশনে বিলম্বের পাশাপাশি খাবারের মান নিয়েও ভোগান্তিতে পড়ছেন আবাসিক শিক্ষার্থীরা।


হলগুলোতে সরকারি গ্যাস সংযোগের একই লাইন থেকে ডাইনিং ও ক্যান্টিনে গ্যাস সরবরাহ করা হয়। তবে অগ্রাধিকার ভিত্তিতে ডাইনিংয়ে রান্নার কাজ শেষ হওয়ার পর ক্যান্টিনে গ্যাস দেওয়া হয় বলে অভিযোগ করেছেন শহীদ আজিজ হলের ক্যান্টিন পরিচালক। তিনি জানান, গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় সকাল থেকে দুপুরের খাবার প্রস্তুত করতে সমস্যা হচ্ছে। এ কারণে বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডার কিনে রান্না করতে হচ্ছে তাঁকে।


এতে খাবারের পদের সংখ্যা কমানোর পাশাপাশি পরিবেশনেও ধীরগতি দেখা যাচ্ছে। এ বিষয়ে শহীদ আজিজ হলের বাবুর্চি মোহাম্মদ রোমান বলেন, ‘ভোরবেলায় গ্যাসের চাপ খুব কম থাকায় রান্না করতে বেশি সময় লাগছে। এ ছাড়া খাবার ঠিকমতো সিদ্ধ না হওয়ায় মান বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে। একটি গ্যাস লাইন দিয়ে প্রায় দেড়শ শিক্ষার্থীর খাবার রান্না করার পর ডাইনিংয়ে গ্যাসের সংযোগ স্থানান্তর করা হয়।’


একই পরিস্থিতির মুখে পড়েছে জি. এম. এ. জি. ওসমানী হলের ডাইনিং ও ক্যান্টিন। হল কর্তৃপক্ষ জানায়, ওসমানী হল ও সৈয়দ নজরুল ইসলাম হলের গ্যাসের সংযোগ একই লাইনে হওয়ায় ওসমানী হলে গ্যাসের চাপ তুলনামূলক কম থাকে। ফলে প্রায়ই রান্নার কাজে বিঘ্ন ঘটে। এ পরিস্থিতিতে গ্যাসের বিকল্প হিসেবে লাকড়ি ও এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। 


ওসমানী হলের ক্যান্টিন পরিচালক বলেন, ‘দিনের অধিকাংশ সময় গ্যাস না থাকায় অতিরিক্ত সিলিন্ডার কিনতে হচ্ছে। পাশাপাশি ৬০০ টাকা মণ দরে লাকড়ি কিনে রান্না করতে হচ্ছে। এতে প্রতি মাসে কয়েক হাজার টাকা বাড়তি খরচ হচ্ছে। সময়মতো খাবার প্রস্তুত করতে না পারায় মাত্র পাঁচ দিনেই প্রায় আট হাজার টাকা লোকসান হয়েছে। দ্রুত গ্যাসসংকটের স্থায়ী সমাধান অথবা ক্যানটিনের ভাড়া কমানোর বিষয়ে হল প্রশাসনের কার্যকর পদক্ষেপ চাই।’


অন্যদিকে, সৈয়দ নজরুল ইসলাম হলে গত কয়েক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হলটির ম্যানেজার মাহবুব মিয়া। তিনি বলেন, ‘দীর্ঘ এক মাস হলে গ্যাসের সমস্যা ছিল। তবে গত কয়েক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সংকটের সময় গ্যাসের সমস্যা মোকাবিলায় একটি মেশিন কেনা হয়েছিল।’


তবে গ্যাসসংকটের কারণে লোকসানের মুখে পড়েছেন এই হলের ক্যান্টিন পরিচালক জিকুরুল ইসলাম জিকু। তিনি বলেন, ‘গত এক মাসে মোট পাঁচটি এবং চলতি মাসে আরও দুটি গ্যাস সিলিন্ডার কিনতে হয়েছে। এভাবে চলতে থাকলে ক্যান্টিন পরিচালনা করাই কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে হল ম্যানেজারের সঙ্গে কথা বলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাইনি। শুধু আশ্বাসই পেয়ে যাচ্ছি।’


এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক মো. মোতাকাব্বির হাসান তমাল বলেন, ‘ক্যান্টিন পরিচালক গ্যাসসংকট ও লোকসানের বিষয়ে আমাকে সরাসরি কোনো অভিযোগ জানাননি। হলের গ্যাসসংকট নিরসন ও শিক্ষার্থীদের স্বার্থে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এ ক্ষেত্রে ডাইনিংয়ের সমস্যাকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে।’



শহীদ আজিজ হলের আবাসিক শিক্ষার্থী সুজয় রায় জানান, “গ্যাসের তীব্র সংকটের কারণে খাবার রান্না ও পরিবেশনে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লাগছে। এতে খাবারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে আমাদের। ফলে ক্লাসসহ দৈনন্দিন অন্যান্য কাজেও ব্যাঘাত ঘটছে। সব মিলিয়ে গ্যাস সংকটের কারণে আমাদের ভোগান্তি আগের চেয়ে অনেক বেড়েছে।”


শহীদ আজিজ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আহসান হাবীব বলেন, ‘গ্যাস সংকট এখন নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। তবে ধীরে ধীরে গ্যাসের চাপ ও সরবরাহ বাড়লে আশা করি খাবারের মানও উন্নত হবে। ক্যান্টিনে বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হচ্ছে।’


গ্যাস সংকটের পাশাপাশি এলপিজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় ক্যান্টিন পরিচালনার ব্যয়ও বেড়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও হলগুলোর ডাইনিং ও ক্যান্টিনে খাবারের দাম অপরিবর্তিত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।