২০২৭ সালের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ
মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে হবে নির্ধারিত কেন্দ্রে, এসএমএসে জানানো হবে তারিখ
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ১০:৪৯:২৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ১০:৪৯:২৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৯ বার পঠিত
ছবি—সংগৃহীত
২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণের জন্য দেশের ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ বা ফিট হজযাত্রীদের নির্ধারিত কেন্দ্রগুলো থেকে এসব টিকা গ্রহণ করতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের টিকা গ্রহণের তারিখ পরবর্তী সময়ে তাঁদের মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে। টিকা নিতে যাওয়ার সময় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল থেকে ই-হেলথ প্রোফাইলের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।
নির্ধারিত ৯০টি টিকাকেন্দ্রের মধ্যে দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় রয়েছে। এ ছাড়া ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালকে টিকাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।
টিকাসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হজযাত্রীরা হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন। টিকাকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mora.gov.bd এবং হজ পোর্টাল www.hajj.gov.bd থেকে পাওয়া যাবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।