পঞ্চগড়ে জমজমাট জলপাইয়ের হাট, দৈনিক বেচাকেনা ৫০ লাখ টাকা
দেবীগঞ্জের হাটে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টন জলপাই বিক্রি হচ্ছে
- আপলোড সময় : ১৭-১১-২০২৬ ১১:৪৭:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৬ ১১:৪৭:০৩ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ২৪ বার পঠিত
সংগৃহীত ছবি
পঞ্চগড়ের দেবীগঞ্জে জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ জলপাইয়ের পাইকারি হাট। অক্টোবর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলা এ হাটে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টন জলপাই কেনাবেচা হচ্ছে। এসব জলপাইয়ের আনুমানিক বাজারমূল্য ৪০ থেকে ৫০ লাখ টাকা।
পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী থেকে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা জলপাই নিয়ে আসছেন দেবীগঞ্জ উপজেলা শহরের দেবদারুতলা এলাকার এ হাটে। পরে সেখান থেকে জলপাই সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।
প্রতিদিন সকাল থেকে শুরু হওয়া হাটটি ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে দিনভর মুখর থাকে। ব্যাটারিচালিত ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে করে কৃষক ও ব্যবসায়ীরা জলপাই নিয়ে আসেন। হাটে ছোট-বড় স্তূপ করে রাখা জলপাই আকার ও মান অনুযায়ী বাছাই করা হয়। এরপর পরিষ্কার করে বস্তাবন্দি করা হয়। এসব কাজে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরাও যুক্ত রয়েছেন।
স্থানীয় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মৌসুমি এ হাট আয়ের গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। শরিফুল নামে এক কৃষক বলেন, আগে গাছেই জলপাই পেকে নষ্ট হতো। এখন হাট চালু হওয়ায় সহজেই ফল বিক্রি করা যায়। ফলন ভালো হলে ভালো দামও পাওয়া যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, তাঁরা বিভিন্ন গ্রাম ঘুরে গৃহস্থের গাছ থেকে জলপাই সংগ্রহ করে হাটে আনেন। পরে পাইকারদের কাছে বিক্রি করেন। আকার ও মানভেদে প্রতি কেজি জলপাই ১৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ক্ষুদ্র ব্যবসায়ী মমিনুল ইসলাম বলেন, হাট চালু হওয়ার পর থেকে প্রতিবছর জলপাইয়ের মৌসুমে তিনি এ ব্যবসা করেন। গাছে ফুল আসার সময় বিভিন্ন গ্রামে গিয়ে গৃহস্থের কাছ থেকে জলপাইগাছ কিনে নেন। ফল পরিপক্ব হলে সেগুলো হাটে এনে বিক্রি করেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতা ও খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এ হাটে আসছেন। প্রাণ, স্টার লাইন ও বিডি ফুডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এখান থেকে জলপাই সংগ্রহ করা হচ্ছে। কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে ফল সংগ্রহ, বাছাই এবং পাইকারি বিক্রিতে ভূমিকা রাখছেন হাটের আড়তদাররা।
আড়তদার মশিউর রহমান বলেন, প্রতিদিন এ হাটে ৪ থেকে ৫ লাখ টাকার জলপাই কেনাবেচা হয়। বিভিন্ন খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি হাট থেকে জলপাই সংগ্রহ করেন।
ফেনী থেকে আসা স্টারলাইন গ্রুপের পার্সেস ম্যানেজার মেরাজ হোসাইন জানান, প্রতিষ্ঠানের জন্য জলপাই কিনতে তিনি এ হাটে এসেছেন। এসব জলপাই দিয়ে আচার ও চাটনি তৈরি করে দেশের বাজারে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়।
হাটের ইজারাদার কাদেরী কিবরিয়া রানা বলেন, প্রতিবছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত এ হাট চলে। তবে আধুনিক সংরক্ষণব্যবস্থা না থাকায় নির্দিষ্ট মৌসুমের মধ্যেই হাটের কার্যক্রম সীমাবদ্ধ থাকে। সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলা গেলে দীর্ঘ সময় জলপাই রাখা সম্ভব হবে। এতে হাটের পরিধি বাড়ার পাশাপাশি কৃষকেরাও উৎপাদিত ফলের ভালো দাম পাবেন।
দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ বলেন, উন্নত যোগাযোগব্যবস্থার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এ হাটে আসছেন। জলপাইয়ের এ বাজার কৃষক ও ব্যবসায়ীদের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা জানান, হাটের পরিধি বাড়ানো এবং বাজার ব্যবস্থাপনা উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।