পরশুরামে আমনের বাম্পার ফলন, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক
বাড়তি উৎপাদন খরচের কারণে ভালো ফলনেও লাভের নিশ্চয়তা পাচ্ছেন না কৃষকেরা।
- আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৪:৪৪:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৪:৪৪:৩১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৫ বার পঠিত
ছবি সংগৃহিত
ফেনীর পরশুরামে চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিস্তীর্ণ কৃষিজমিতে পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ভালো ফলনে তাঁদের মুখে হাসি ফুটলেও উৎপাদন খরচের তুলনায় বাজারে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাঠের পর মাঠজুড়ে পেকে উঠেছে আমন ধান। কোথাও চলছে ধান কাটা, কোথাও মাড়াই ও শুকানোর কাজ। স্থানীয় কৃষকেরা জানান, মৌসুমের শুরুতে মাজরা পোকার আক্রমণের আশঙ্কা থাকলেও নিয়মিত পরিচর্যা ও অনুকূল আবহাওয়ায় এবার আশানুরূপ ফলন হয়েছে। ৯২, ৯৩, ৯৪, ১০৮, ৫১, স্বর্ণবাসরি ও দশসহ বিভিন্ন জাতের ধান চাষ করেছেন তাঁরা।
কৃষক আবুল কাশেম বলেন, অনেক পরিশ্রমের পর ভালো ফলন পেয়েছেন। উৎপাদিত ধানের বেশির ভাগই পরিবারের খাদ্যচাহিদা পূরণে সংরক্ষণ করবেন। আরেক কৃষক জামাল হোসেন জানান, তিনি প্রায় ১০০ শতক জমিতে ৯২ ও ৯৪ জাতের ধান চাষ করেছেন। ফলন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে চিন্তিত তিনি।
কৃষকদের মতে, সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ উৎপাদন খরচ বেড়েছে। ফলে ভালো ফলন হলেও ন্যায্যমূল্য না পেলে কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, চলতি মৌসুমে পরশুরামে ৫ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ধান কাটা ও মাড়াই শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত উৎপাদন নিশ্চিত করা সম্ভব নয়। তবে গতবারের তুলনায় এবার ফলন ভালো হয়েছে।
কৃষকদের প্রত্যাশা, সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দেওয়া এবং বাজারে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। এতে উৎপাদন খরচ মিটিয়ে তাঁরা লাভবান হওয়ার পাশাপাশি আগামী মৌসুমেও ধান চাষে উৎসাহিত হবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।