শিশুর খিঁচুনির যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
শিশুর খিঁচুনির যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৪:১৩:৫৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৪:১৩:৫৯ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৭ বার পঠিত
প্রতিকী ছবি
শিশুর খিঁচুনি সব সময় মৃগীরোগের লক্ষণ নয়। জ্বরসহ বিভিন্ন কারণে এ সমস্যা দেখা দিতে পারে। তবে হঠাৎ শরীর কাঁপা, অচেতন হয়ে যাওয়া, একদৃষ্টিতে তাকিয়ে থাকা কিংবা বারবার চোখের পলক ফেলার মতো লক্ষণও খিঁচুনির ইঙ্গিত হতে পারে। তাই এসব লক্ষণ অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
মস্তিষ্কে অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপের কারণে খিঁচুনি হয়। এতে শিশুর শরীরের নড়াচড়া, আচরণ, সচেতনতা ও অনুভূতিতে সাময়িক পরিবর্তন দেখা দিতে পারে। কোনো শিশুর সারা শরীর শক্ত হয়ে হাত-পা কাঁপতে পারে। আবার কেউ কয়েক সেকেন্ড একদৃষ্টিতে তাকিয়ে থাকতে পারে, বারবার চোখের পলক ফেলতে পারে কিংবা ঠোঁট ও হাতে অস্বাভাবিক নড়াচড়া করতে পারে। খিঁচুনির পর সাময়িক বিভ্রান্তি, ঘুম ঘুম ভাব, মাথাব্যথা ও ক্লান্তিও দেখা দিতে পারে।
ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জ্বরজনিত খিঁচুনি হতে পারে। সংক্রমণের কারণে শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে গেলে এমনটি ঘটে। সাধারণ জ্বরজনিত খিঁচুনিতে অধিকাংশ ক্ষেত্রে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হয় না এবং এটি মৃগীরোগের লক্ষণও নয়। তবে প্রথমবার খিঁচুনি হলে কারণ শনাক্ত করতে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এ ছাড়া মৃগীরোগ, মস্তিষ্কের সংক্রমণ, মাথায় আঘাত, রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া, ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা এবং জিনগত সমস্যার কারণেও খিঁচুনি হতে পারে।
শিশুর খিঁচুনি পাঁচ মিনিটের বেশি স্থায়ী হলে, শ্বাস নিতে অসুবিধা হলে, শরীর নীলচে হয়ে গেলে কিংবা চেতনা ফিরে পাওয়ার আগেই বারবার খিঁচুনি হলে জরুরি চিকিৎসা প্রয়োজন। খিঁচুনি শেষ হওয়ার পরও স্বাভাবিক সচেতনতা ফিরে না পেলে দ্রুত হাসপাতালে নিতে হবে।
খিঁচুনি শুরু হলে শিশুকে নিরাপদ স্থানে কাত করে শুইয়ে দিতে হবে। আশপাশের বিপজ্জনক বস্তু সরিয়ে গলার আঁটসাঁট পোশাক ঢিলা করে দিতে হবে। খিঁচুনি কতক্ষণ স্থায়ী হচ্ছে, তা লক্ষ রাখতে হবে। এ সময় শিশুর হাত-পা জোর করে চেপে ধরা যাবে না এবং মুখে আঙুল, চামচ, পানি বা অন্য কোনো বস্তু দেওয়া যাবে না।
চিকিৎসা নির্ধারণে শিশুর বয়স, খিঁচুনির ধরন, স্থায়িত্ব, পুনরাবৃত্তি ও সম্ভাব্য কারণ বিবেচনা করা হয়। চিকিৎসক শিশুর চিকিৎসার ইতিহাস ও স্নায়বিক পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ইইজি, রক্ত পরীক্ষা কিংবা এমআরআই করাতে পারেন।
খিঁচুনি হলেই সব শিশুর দীর্ঘমেয়াদি ওষুধের প্রয়োজন হয় না। তবে মৃগীরোগ শনাক্ত হলে বা বারবার খিঁচুনি হলে চিকিৎসক খিঁচুনি প্রতিরোধী ওষুধ দিতে পারেন। কিছু ক্ষেত্রে কিটোজেনিক ডায়েট কিংবা অস্ত্রোপচারের বিষয়টিও বিবেচনা করা হয়। চিকিৎসা চলাকালে নিয়মিত ফলোআপ, পর্যাপ্ত ঘুম ও চিকিৎসকের নির্দেশনা মেনে চলা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত রোগ শনাক্তকরণ, উপযুক্ত চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে অনেক শিশুর খিঁচুনি নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই শিশুর অস্বাভাবিক আচরণ বা সাময়িক অন্যমনস্কতাকে সাধারণ অভ্যাস ভেবে এড়িয়ে না গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা উচিত।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।