জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম
প্রথমবারের মতো দুই অঙ্কের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ, সর্বোচ্চ স্কোর ০.৬৮৯৩
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৮:৫৬:১৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৮:৫৬:১৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১২ বার পঠিত
সংগৃহীত ছবি
জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৯৪টি দেশের মধ্যে ৯৭তম অবস্থানে উঠে এসেছে দেশটি। প্রথমবারের মতো দুই অঙ্কের র্যাঙ্কিংয়ে প্রবেশের পাশাপাশি এবার সর্বোচ্চ ০.৬৮৯৩ স্কোর অর্জন করেছে বাংলাদেশ।
২০২৪ সালের আগের মূল্যায়নে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। নতুন স্কোরের মাধ্যমে দেশটি ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট শ্রেণিতেই অবস্থান ধরে রেখেছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইজিডিআইয়ের দুটি উপাদানেও এবার সর্বোচ্চ স্কোর অর্জন করেছে বাংলাদেশ। অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) স্কোর হয়েছে ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) ০.৬৯।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলি বিভাগ (ইউএন ডেসা) প্রকাশিত দ্বিবার্ষিক ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’তে এ তথ্য উঠে এসেছে। এতে ডিজিটাল সরকার র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া।
ইজিডিআইয়ের মাধ্যমে নাগরিক সেবা প্রদানে ই-গভর্নমেন্ট ব্যবহারে একটি দেশের সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি ও অগ্রগতি মূল্যায়ন করা হয়। তিনটি সূচকের সমন্বয়ে এ স্কোর নির্ধারিত হয়। এগুলো হলো অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিযোগাযোগ অবকাঠামো সূচক এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী গড় ইজিডিআই স্কোর ২০২৪ সালের ০.৬৩৮২ থেকে বেড়ে ২০২৬ সালে ০.৬৬৭৫ হয়েছে। অর্থাৎ দুই বছরে বৈশ্বিক গড় স্কোর বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশের ০.৬৮৯৩ স্কোর বৈশ্বিক গড়ের চেয়ে বেশি।
মূল্যায়িত ১৯৪টি দেশের মধ্যে ১৫১টি দেশ এখন উচ্চ বা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণিতে রয়েছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১৩৮টি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।