মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
উত্তরায় সাদিকুল হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনে আদালতের আদেশ
- আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৯:৪৭:৪২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৯:৪৭:৪২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৮ বার পঠিত
সংগৃহীত ছবি
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ৮১ বছর বয়সী নুরুল ইসলাম নাহিদকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
পুলিশের আবেদনে বলা হয়, হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন। প্রয়োজনে পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হবে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৫০০ থেকে ৭০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলন করছিলেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলার সময় এলোপাতাড়ি মারধর ও গুলিতে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২১ বছর বয়সী সাদিকুল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি উত্তরা পশ্চিম থানা এলাকার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় আদালতে নালিশি মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে উত্তরা পশ্চিম থানা।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান এবং টানা ১০ বছর এ পদে ছিলেন।
পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির (সিডিএমএস) তথ্য পর্যালোচনার বরাত দিয়ে আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটের বিভিন্ন থানায় নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।