চবিতে ১২৫ করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার উদ্যোগ
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে টিএসসি নির্মাণকাজ; শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও আবাসন প্রকল্প দ্রুত অনুমোদনে সরকারের সহযোগিতা চাইলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান
- আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৯:২৩:৫০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৯:২৬:০২ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৮ বার পঠিত
ছবি: প্রতিনিধি
শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি, গবেষণার প্রসার এবং আন্তর্জাতিক পরিসরে অবস্থান সুদৃঢ় করতে ১২৫টি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এ উদ্যোগের আওতায় শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও হাতে-কলমে কাজের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন, গবেষণা সহায়তা বৃদ্ধি, ভাষাশিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে অটোমেশন চালুর কথাও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যরা।
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরেন তাঁরা। কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এবং ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরিতে ১২৫টি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ও হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
তিনি জানান, আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল পুনর্গঠন করা হয়েছে। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নে র্যাঙ্কিং সেল গঠন করা হয়েছে। শিক্ষক ও গবেষকদের উদ্ভাবন এবং পেটেন্ট কার্যক্রম উৎসাহিত করতেও উদ্যোগ নেওয়া হয়েছে।
ভাষাশিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরিতে কনফুসিয়াস সেন্টার চালু করা হয়েছে। ইতোমধ্যে চীন থেকে শিক্ষক এসে সেখানে পাঠদান শুরু করেছেন।
পাশাপাশি আধুনিক ভাষা ইনস্টিটিউটের মাধ্যমে আরও আটটি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণার প্রসারে এমফিল, এমএসসি থিসিস ও পিএইচডি গবেষকদের সহায়তা বাড়ানো হয়েছে।
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এবং আউটকাম বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথমবারের মতো সব বিভাগের প্রথম সেমিস্টারের পরীক্ষা নির্ধারিত সময়ে সম্পন্ন হয়েছে। অধিকাংশ বিভাগের ফলাফল ২৫ দিনের মধ্যে প্রকাশ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা কমাতে পরীক্ষার নম্বর ও মূল্যায়ন কার্যক্রমে অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। এর ফলে শিক্ষা কার্যক্রমের মূল্যায়ন ও ফলাফল প্রকাশের প্রক্রিয়া আরও গতিশীল করার সুযোগ তৈরি হয়েছে।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবনমুখী, প্রযুক্তিনির্ভর, গবেষণাবান্ধব ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত শিক্ষার্থী-কেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত করাই তাঁদের লক্ষ্য। এ লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা, সনদ উত্তোলন ও যাচাইয়ের কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হয়েছে। ফলাফল প্রকাশের প্রক্রিয়াও অনলাইনে নেওয়ার উদ্যোগ চলছে।
তিনি আরও জানান, গবেষণা, তৃতীয় ভাষা শিক্ষা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নবীন শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
আলোচনা সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ গবেষণা ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন মানুষের জীবনযাপন, চিন্তাভাবনা ও কর্মপদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনছে। এ বাস্তবতায় বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন সম্ভাবনা কাজে লাগানোর প্রস্তুতি নিতে হবে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও গবেষণার ফলাফল শিল্প ও উৎপাদন খাতের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। শিল্পপ্রতিষ্ঠান, কৃষি খাতসহ বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথভাবে কাজ করার সুযোগ তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
উল্লেখ্য, বুধবার বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। এতে শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।